ঢাকায় সুইজারল্যান্ড দূতাবাস এবং নরওয়ে দূতাবাস যৌথভাবে ‘Power Without Fear: Ending Digital and Gender-Based Violence Against Women in Politics’ শীর্ষক একটি ফিশবোল সংলাপ আয়োজন করেছে। ১৬ দিনের নারী নির্যাতন প্রতিরোধ কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এই সংলাপে মূল আলোচনায় ছিল রাজনীতিতে নারীদের বিরুদ্ধে ক্রমবর্ধমান সহিংসতা—বিশেষ করে অনলাইন প্ল্যাটফর্মে হয়রানি ও হুমকি।
আগামী ২০২৬ সালের ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন সামনে রেখে নারী নেত্রী, রাজনৈতিক প্রতিনিধিরা, তরুণ কর্মী, শিক্ষাবিদ ও লিঙ্গ বিশেষজ্ঞরা অংশ নেন। তারা বলেন, রাজনীতিতে অংশগ্রহণকারী নারীরা প্রতিনিয়ত ভয়, সহিংসতা ও চরিত্রহননের ঝুঁকির মধ্যে থাকেন। অনলাইন আক্রমণও দ্রুত বাড়ছে, যা তাদের রাজনৈতিক কার্যক্রম বাধাগ্রস্ত করছে। সংলাপে নিরাপদ, অংশগ্রহণমূলক ও নারী-বান্ধব রাজনৈতিক পরিবেশ গড়ার আহ্বান জানানো হয়।
ইউএন উইমেন বাংলাদেশ ও ইউএনডিপি বাংলাদেশ তাদের গবেষণার কিছু গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরে। তারা জানায়, প্রযুক্তি ব্যবহার করে নারীর প্রতি বৈষম্য ও সহিংস আচরণ আশঙ্কাজনক হারে বাড়ছে। এই চ্যালেঞ্জ মোকাবিলায় সচেতনতা, আইনি সহায়তা এবং প্রযুক্তি-ভিত্তিক সুরক্ষা ব্যবস্থার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করা হয়।
সংলাপের আয়োজক সুইজারল্যান্ড ও নরওয়ে দূতাবাস জানায়, বাংলাদেশে নারীর রাজনৈতিক অংশগ্রহণ ও নেতৃত্ব আরও শক্তিশালী করতে তারা কাজ চালিয়ে যাবে। তারা নারীর কণ্ঠ রক্ষা, নিরাপদ রাজনৈতিক পরিবেশ তৈরি এবং ডিজিটাল সহিংসতা মোকাবিলায় সহযোগিতার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে।