বাংলাদেশে আজারবাইজানের দূতাবাস খোলার উদ্যোগ

 

আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভের দুই কন্যা—লায়লা আলিয়েভা ও আরজু আলিয়েভা—রোববার রাষ্ট্র অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনুসের সঙ্গে দেখা করেন। দুই দেশের সংস্কৃতি, পরিবেশ এবং মানুষে–মানুষে সম্পর্ক জোরদারের বিভিন্ন বিষয় আলোচনায় উঠে আসে।

বৈঠকে অধ্যাপক ইউনুস তাঁর পূর্বের বাকু সফরের কথা স্মরণ করেন। কপ–২৯ সম্মেলনে প্রেসিডেন্ট আলিয়েভের সঙ্গে বৈঠকের প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশ ও আজারবাইজানের বাণিজ্য, জ্বালানি ও অর্থনৈতিক সম্পর্ক আরও শক্তিশালী হওয়া দরকার।

হেইদার আলিয়েভ ফাউন্ডেশনের ভাইস–প্রেসিডেন্ট ও আইডিয়া পাবলিক ইউনিয়নের প্রতিষ্ঠাতা লায়লা আলিয়েভা প্রেসিডেন্ট আলিয়েভের শুভেচ্ছা প্রধান উপদেষ্টার কাছে পৌঁছে দেন। তিনি পরিবেশ সুরক্ষা ও বন্যপ্রাণী রক্ষায় যৌথ উদ্যোগ বাড়ানোর প্রস্তাব রাখেন। দুই বোন জানান, তাঁরা ঢাকার একটি শিশুসহায়তা প্রতিষ্ঠান ঘুরে দেখেছেন এবং বাংলাদেশি সংস্থাগুলোর সঙ্গে মানবিক, সামাজিক, যুব, স্বেচ্ছাসেবক ও পরিবেশ–সংরক্ষণ–সংক্রান্ত প্রকল্পে কাজ করতে আগ্রহী।

বৈঠকে জানানো হয়, এ সফরই আলিয়েভ কন্যাদের প্রথম বাংলাদেশ আগমন।

বাংলাদেশে আজারবাইজানের অনাবাসিক রাষ্ট্রদূত এলচিন হুসেইনলি জানান, আসন্ন জাতীয় নির্বাচনের পর ঢাকায় আজারবাইজানের দূতাবাস খোলার প্রস্তুতি চলছে। গত নভেম্বরে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে প্রেসিডেন্ট আলিয়েভকে দেওয়া প্রস্তাবের ভিত্তিতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। রাষ্ট্রদূত আশা প্রকাশ করেন, দূতাবাস চালু হলে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও গভীর হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *