চট্টগ্রাম সেনানিবাসে আর্মি মেডিকেল কলেজ, চট্টগ্রামের স্থায়ী ক্যাম্পাস উদ্বোধন করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। আজ তাঁর আগমনে কলেজ প্রশাসনের পক্ষ থেকে জিওসি ২৪ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার চট্টগ্রাম এরিয়া, কলেজের চীফ এক্সিকিউটিভ অফিসার এবং অধ্যক্ষ তাঁকে অভ্যর্থনা জানান।
উদ্বোধনী অনুষ্ঠানে সেনাবাহিনী প্রধান বলেন, নতুন স্থায়ী ক্যাম্পাস দেশের চিকিৎসা শিক্ষায় নতুন দিগন্ত খুলে দেবে। পাশাপাশি নির্মাণাধীন আর্মি মেডিকেল কলেজ হাসপাতাল, চট্টগ্রাম দেশের স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলেও তিনি আশা প্রকাশ করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জিওসি, আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ড; জিওসি ২৪ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার চট্টগ্রাম এরিয়া; কমান্ড্যান্ট বিআইআরসি; সেনাবাহিনীর মিলিটারি সেক্রেটারি, অ্যাডজুট্যান্ট জেনারেল; কলেজের প্রাক্তন অধ্যক্ষ, বর্তমান চীফ এক্সিকিউটিভ অফিসার, অধ্যক্ষ, ফ্যাকাল্টি সদস্য, ছাত্র-ছাত্রীসহ বিভিন্ন পদবীর সেনাসদস্যগণ।
নতুন ক্যাম্পাস উদ্বোধনের মধ্য দিয়ে আর্মি মেডিকেল কলেজ, চট্টগ্রামের শিক্ষা ও সেবা কার্যক্রম আরও সুসংগঠিত ও আধুনিক হওয়ার প্রত্যাশা করা হচ্ছে।