নেদারল্যান্ডস–বাংলাদেশে নৌ-সহযোগিতা জোরদারে সমঝোতা স্মারক স্বাক্ষর

 

নৌ-খাতে সহযোগিতা আরও শক্তিশালী করতে বাংলাদেশ ও নেদারল্যান্ডসের মধ্যে একটি গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর হয়েছে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নেদারল্যান্ডসের প্রতিরক্ষা দপ্তরের ডিফেন্স অ্যাটাশে নেভি ক্যাপ্টেন জিওর্ডি ক্লেইন।

নেদারল্যান্ডসের পক্ষে চুক্তিতে সই করেন ঢাকাস্থ রাষ্ট্রদূত জোরিস ফান বোমেল। বাংলাদেশের পক্ষে স্বাক্ষর করেন সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসান।

এই সমঝোতা স্মারকটি দুই দেশের সরকার পর্যায়ের সহযোগিতাকে আরও বিস্তৃত করবে। চুক্তির আওতায় থাকবে—নৌবাহিনী আধুনিকীকরণ, কোস্ট গার্ড শক্তিশালীকরণ, নদী পুলিশকে আধুনিক সরঞ্জামসহ দক্ষ করে তোলা, বন্দর উন্নয়ন, নৌ-লজিস্টিকস, ড্রেজিং কার্যক্রম এবং টাগবোটিংসহ সামুদ্রিক খাতে নানা ধরনের প্রযুক্তিগত সহযোগিতা।

বাংলাদেশ ও নেদারল্যান্ডসের মধ্যে দীর্ঘদিনের জলসম্পদ ও বন্দরব্যবস্থাপনা সহযোগিতার ধারায় এই MoU একটি নতুন মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে। দুই দেশই আশা করছে, এই উদ্যোগ নৌ-নিরাপত্তা ও সামুদ্রিক অবকাঠামো উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *