ঢাকায় সুইডেনের দূতাবাসে পালিত হয়েছে সুইডিশদের অন্যতম জনপ্রিয় উৎসব ‘লুসিয়া’। গভীর শীত আর দীর্ঘ অন্ধকারের দেশে আলো ও আশার প্রতীক হিসেবে এই উৎসবের বিশেষ গুরুত্ব রয়েছে।
অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা সাদা লম্বা পোশাক পরে মোমবাতি হাতে একটি শান্ত পরিবেশে মিছিল করেন। শোভাযাত্রার সামনে থাকে ‘লুসিয়া’, যার মাথায় আলোর মুকুট। তার পেছনে থাকা সহকারীরা হাতে মোমবাতি নিয়ে গান গেয়ে এগিয়ে যান। ছোট ছেলে শিশুরা মাথায় কাগজের টুপি পরে হাতে তারা আকৃতির ছড়ি ধরে অংশ নেয়। পুরো আয়োজনটি আলো, সংগীত আর উৎসবের সৌন্দর্য ফুটিয়ে তোলে।
সুইডেনের দূতাবাস জানায়, লুসিয়া উৎসব আলো ও আশার প্রতীক। উত্তর ইউরোপের দীর্ঘ অন্ধকার শীতকাল অতিক্রমে এই উৎসব মানুষের মনে নতুন শক্তি জোগায়।
বাংলাদেশে বসবাসকারী সুইডিশ নাগরিক, দূতাবাসের বন্ধু ও অতিথিদের অংশগ্রহণে আয়োজনটি আরও প্রাণবন্ত হয়ে ওঠে। উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে সুইডেন দূতাবাস তাদের উষ্ণ শুভেচ্ছা জানায়।
এই অনুষ্ঠানের মধ্য দিয়ে ঢাকায় সুইডিশ সংস্কৃতির অনন্য সৌন্দর্য ও ঐতিহ্যের পরিচয় ছড়িয়ে পড়ে।