কুষ্টিয়ার দৌলতপুরে বিএনপির উদ্যোগে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় নফল নামাজ ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১১ই ডিসেম্বর) বাদ আসর উপজেলার তারাগুনিয়া ফুটবল মাঠে এ আয়োজন হয়।
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় দুই রাকআত নফল নামাজ আদায়ের পর দোয়া পরিচালনা করেন তারাগুনিয়া হাফেজিয়া মাদ্রাসার ইমাম মাওলানা ফারুক আহমেদ।
উপজেলার ১৪টি ইউনিয়ন থেকে হাজারো নেতাকর্মী এই দোয়া মাহফিলে অংশ নেন। অনুষ্ঠানের শেষে সংক্ষিপ্ত বক্তব্য দেন দৌলতপুর উপজেলা বিএনপির সভাপতি, সাবেক সংসদ সদস্য ও দৌলতপুর আসনে বিএনপির মনোনীত প্রার্থী রেজা আহম্মেদ বাচ্চু মোল্লা এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. বিল্লাল হোসেন।
বক্তারা খালেদা জিয়ার সুস্থতা কামনায় প্রতিটি ইউনিয়নের ওয়ার্ডে নফল নামাজ, সাদকা ও দুস্থদের মাঝে খাবার বিতরণের কর্মসূচি অব্যাহত রাখার আহ্বান জানান। তারা ঘোষণা দেন, বেগম খালেদা জিয়া সুস্থ না হওয়া পর্যন্ত এ কর্মসূচি চলমান থাকবে।