কুমিল্লার হোমনায় সড়কের পাশে ভুট্টা খেত থেকে শান্ত দাস (২২) নামে এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১২ই ডিসেম্বর) সকালে উপজেলার কারাকান্দি–বাহেরখেলা সড়কের ধারে লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়।
নিহত শান্ত দাস হোমনা বিজয়নগর গ্রামের গ্রামপুলিশ অরুন চন্দ্র দাসের ছেলে। তিনি ভাড়ায় একটি অটোরিকশা চালাতেন।
হোমনা থানার ওসি মোরশেদুল আলম চৌধুরী বলেন, শান্তর গলায় ধারালো অস্ত্রের আঘাত ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যে তাকে হত্যা করা হয়েছে।
শান্তর বাবা অরুন চন্দ্র দাস জানান, বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে ছেলের সঙ্গে আর যোগাযোগ করা যাচ্ছিল না। পরে শুক্রবার সকালে ফেসবুকের মাধ্যমে ছেলের মৃত্যুর খবর পান। তিনি আরও জানান, শান্তর অটোরিকশাটিও পাওয়া যাচ্ছে না। তাদের ধারণা, যানটি ছিনতাই করতেই দুর্বৃত্তরা তাকে হত্যা করেছে।
পুলিশ জানায়, লাশ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।