বরিশালের বানারীপাড়ার বীর মুক্তিযোদ্ধা গোলাম সারোয়ার খোকন (৭১) আর নেই। শুক্রবার (১২ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টায় তিনি ঢাকা বক্ষব্যাধি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
১৭ বছর বয়সে তিনি শিক্ষার্থী অবস্থায় মহান মুক্তিযুদ্ধে অংশ নেন। দেশ স্বাধীন হওয়ার পর বাংলাদেশ পুলিশে যোগ দিয়ে দীর্ঘদিন দায়িত্ব পালন করেন। তিনি বেশ কিছুদিন ধরে ফুসফুসজনিত রোগে ভুগছিলেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, চার ছেলে, এক মেয়ে ও অসংখ্য শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন। তাঁর মৃত্যু সংবাদে এলাকার রাজনৈতিক নেতা, সামাজিক সংগঠনের সদস্যসহ বিভিন্ন শ্রেণী–পেশার মানুষ শেষবারের মতো তাকে দেখতে বাড়িতে ভিড় করেন।
গোলাম সারোয়ার খোকন মুক্তিযুদ্ধের পাশাপাশি বিভিন্ন প্রগতিশীল ও গণতান্ত্রিক আন্দোলনেও সক্রিয় ভূমিকা রেখেছিলেন। তিনি বানারীপাড়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা মরহুম নুরুল হক মিয়া মানবতাবাদী ও দেশপ্রেমিক ব্যক্তি হিসেবে এলাকায় পরিচিত ছিলেন।
তার মৃত্যুতে বানারীপাড়া উপজেলা বিএনপি, জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, প্রেসক্লাব, উপজেলা শিক্ষক সমিতিসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন।