শ্রীলঙ্কায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আন্দালিব এলিয়াস শ্রীলঙ্কা ডাক বিভাগের পোস্টমাস্টার জেনারেল মি. রুয়ান সাথকুমারার সঙ্গে বৈঠক করেছেন। বৃহস্পতিবার, ১১ই ডিসেম্বর কলম্বোর পোস্টাল হেডকোয়ার্টার্সে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে বাংলাদেশের আসন্ন ১৩তম জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার নিশ্চিত করার বিষয়টি গুরুত্ব পায়। বিশেষ করে নির্বাচন কমিশন (ইসি) চালু করা ‘Postal Vote BD’ অ্যাপের মাধ্যমে ‘আউট অব কান্ট্রি ভোটিং (OCV)’ ব্যবস্থা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
হাইকমিশনার আন্দালিব এলিয়াস শ্রীলঙ্কায় বসবাসরত বাংলাদেশি ভোটারদের কাছে ব্যালট পেপার ও অন্যান্য নির্বাচনী উপকরণ সঠিকভাবে পৌঁছে দেওয়া এবং সময়মতো পাঠানোর জন্য শ্রীলঙ্কা ডাক বিভাগের সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, এই উদ্যোগ সফল করতে ডাক বিভাগের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এ বিষয়ে পোস্টমাস্টার জেনারেল মি. রুয়ান সাথকুমারা পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন। তিনি জানান, প্রবাসী বাংলাদেশিদের ভোটগ্রহণ প্রক্রিয়া সহজ ও সফল করতে শ্রীলঙ্কা ডাক বিভাগ সর্বোচ্চ সহায়তা করবে।
বৈঠকে শ্রীলঙ্কা ডাক বিভাগের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। এই উদ্যোগের মাধ্যমে শ্রীলঙ্কায় অবস্থানরত বাংলাদেশিদের ভোটাধিকার প্রয়োগ আরও কার্যকর হবে বলে আশা করা হচ্ছে।