বাংলাদেশ দাবা ফেডারেশনের আয়োজনে অনুষ্ঠিত প্রিমিয়ার ডিভিশন দাবা লিগ ২০২৫-এ টানা সাফল্যের ধারাবাহিকতা ধরে রেখে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে তিতাস ক্লাব। ১০টি ম্যাচে পূর্ণ ২০ পয়েন্ট অর্জন করে তারা শিরোপা অক্ষুণ্ন রাখে।
শনিবার অনুষ্ঠিত শেষ রাউন্ডের খেলায় তিতাস ক্লাব ৩–১ গেম পয়েন্টে খেলাঘর দাবা সংঘকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার আনুষ্ঠানিকতা সম্পন্ন করে। এ ম্যাচে তিতাস ক্লাবের পক্ষে ফিদে মাস্টার সাকলাইন মোস্তফা সাজিদ, গ্র্যান্ড মাস্টার নিয়াজ মোরশেদ এবং ফিদে মাস্টার তাহসিন তাজওয়ার জিয়া নিজ নিজ বোর্ডে জয় পান। খেলাঘর দাবা সংঘের পক্ষে একমাত্র জয়টি আসে রায়ান রশিদ মুগ্ধের কাছ থেকে, তিনি তিতাস ক্লাবের ফিদে মাস্টার মোঃ সাইফ উদ্দীনকে পরাজিত করেন।
এবারের লিগে তিতাস ক্লাবের হয়ে খেলেছেন ফিদে মাস্টার সাকলাইন মোস্তফা সাজিদ, মিশরীয় গ্র্যান্ড মাস্টার ফৌজি আলম, আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান, গ্র্যান্ড মাস্টার নিয়াজ মোরশেদ, ফিদে মাস্টার তাহসিন তাজওয়ার জিয়া এবং ফিদে মাস্টার মোঃ সাইফ উদ্দীন।
বাংলাদেশ নৌবাহিনী ১৮ পয়েন্ট নিয়ে রানার্স-আপ হয়েছে। দলটির হয়ে খেলেছেন ফিদে মাস্টার সেখ নাসির আহমেদ, আন্তর্জাতিক মাস্টার মনন রেজা নীড়, ফিদে মাস্টার খন্দকার আমিনুল ইসলাম, ফিদে মাস্টার মোঃ শরীফ হোসেন, আন্তর্জাতিক মাস্টার মোঃ মিনহাজ উদ্দিন ও ফিদে মাস্টার মোহাম্মদ জাভেদ।
বাংলাদেশ পুলিশ দাবা ক্লাব ১৫ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থান অর্জন করে। শেষ রাউন্ডে তারা সাধারণ বীমা কর্পোরেশন স্পোর্টিং ক্লাবকে ৪–০ গেম পয়েন্টে হারায়। এ ম্যাচে আন্তর্জাতিক মাস্টার আবু সুফিয়ান শাকিল, ভারতের বিভর আদাক, ফিদে মাস্টার মেহেদী হাসান পরাগ এবং ফিদে মাস্টার নাইম হক জয় পান।
লিগে লিওনাইন চেস ক্লাব ১৪ পয়েন্ট নিয়ে চতুর্থ, মানহা’স ক্যাসেল ১১ পয়েন্ট নিয়ে পঞ্চম, সাধারণ বীমা কর্পোরেশন স্পোর্টিং ক্লাব ৯ পয়েন্ট নিয়ে ষষ্ঠ এবং উত্তরা সেন্ট্রাল চেস ক্লাব ৭ পয়েন্ট নিয়ে সপ্তম স্থান লাভ করে। স্পোর্টস বাংলা ও দীপালী মেমোরিয়াল চেস ক্লাব ৬ পয়েন্ট করে পেয়ে যথাক্রমে অষ্টম ও নবম হয়। খেলাঘর দাবা সংঘ এবং জনতা ব্যাংক অফিসার্স ওয়েলফেয়ার সোসাইটি ২ পয়েন্ট করে নিয়ে দশম ও একাদশ স্থানে থাকে।
বোর্ড পুরস্কার অর্জন করেন—
১ম বোর্ড: ফিদে মাস্টার সাকলাইন মোস্তফা সাজিদ (তিতাস ক্লাব)
২য় বোর্ড: আন্তর্জাতিক মাস্টার মনন রেজা নীড় (বাংলাদেশ নৌবাহিনী)
৩য় বোর্ড: আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান (তিতাস ক্লাব)
৪র্থ বোর্ড: আন্তর্জাতিক মাস্টার সুরেশ হার্স (লিওনাইন চেস ক্লাব)
অতিরিক্ত বোর্ড-১: ফিদে মাস্টার তাহসিন তাজওয়ার জিয়া (তিতাস ক্লাব)
অতিরিক্ত বোর্ড-২: ফিদে মাস্টার মোহাম্মদ জাভেদ (বাংলাদেশ নৌবাহিনী)
এবার লিগে অংশ না নেওয়ায় ই-সফট এরিনা এবং একাদশ স্থানে থাকায় জনতা ব্যাংক অফিসার্স ওয়েলফেয়ার সোসাইটি প্রথম বিভাগে নেমে গেছে।
রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে আয়োজিত এবারের প্রিমিয়ার ডিভিশন দাবা লিগে মোট ১১টি দল অংশ নেয়। টানা দুই বছর চ্যাম্পিয়ন হয়ে তিতাস ক্লাব আবারও প্রমাণ করল, দেশের ক্লাব দাবায় তারা এখন অন্যতম শক্তিশালী দল।