কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর গুলিতে শান্ত নামে এক বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে। রবিবার (১৪ ডিসেম্বর) পতাকা বৈঠকের মাধ্যমে তার লাশ বাংলাদেশে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
নিহত শান্ত (২৪) দৌলতপুর উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের ডাংয়েরপাড়া গ্রামের শিপন আলীর ছেলে।
বিজিবি সূত্র জানায়, গত ৫ ডিসেম্বর রাত আনুমানিক ২টার দিকে রামকৃষ্ণপুর ইউনিয়নের আশ্রয়ণ বিওপি এলাকার সীমান্ত পিলার ১৫৪/৩-এস এর কাছে এ ঘটনা ঘটে। ওই সময় ভারতের ১৪৬ বিএসএফ কোম্পানির উদয়নগর ক্যাম্প থেকে গুলি ছোড়া হয়। এতে শান্ত গুলিবিদ্ধ হন। ঘটনার সময় স্থানীয় বাসিন্দারা তিনটি গুলির শব্দ শুনেছেন।
পরে শান্তের পরিবার বিষয়টি বিজিবিকে জানায়। বিজিবির পক্ষ থেকে জানানো হয়, গুরুতর আহত অবস্থায় বিএসএফ শান্তকে ভারত সীমান্ত থেকে ধরে নিয়ে যায়। পরে তাকে মুর্শিদাবাদ জেলার হোগলবাড়ী থানায় হস্তান্তর করা হয়। সেখান থেকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এ বিষয়ে বিজিবির সহকারী পরিচালক জাকিরুল ইসলাম বলেন, ঘটনার তদন্তে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। ঘটনার রাতে সীমান্ত এলাকায় শান্তসহ কয়েকজনকে লক্ষ্য করে বিএসএফ গুলি চালায়। শান্ত গুলিবিদ্ধ হলে তাকে আহত অবস্থায় বিএসএফ হেফাজতে নেওয়া হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
তিনি আরও জানান, গত ৮ ডিসেম্বর বিএসএফের সঙ্গে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১৪ ডিসেম্বর পতাকা বৈঠকের মাধ্যমে শান্তের লাশ বিজিবির কাছে হস্তান্তর করা হবে। লাশ পাওয়ার পর আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।