লাতিন বাংলা সুপার কাপ নিয়ে বাফুফের অবস্থান 


বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) দেশের ফুটবলের উন্নয়নের স্বার্থে নিয়মিতভাবে বিভিন্ন ফুটবল ম্যাচ ও টুর্নামেন্ট আয়োজনের উদ্যোগকে স্বাগত জানায়। সেই ধারাবাহিকতায় লাতিন বাংলা সুপার কাপ আয়োজনের ক্ষেত্রেও আয়োজকদের অনুরোধে সীমিত সহযোগিতার সদিচ্ছা প্রকাশ করেছিল বাফুফে।

বাফুফে জানায়, লাতিন বাংলা সুপার কাপের মূল আয়োজক ছিল AF Boxing International Limited। এই টুর্নামেন্টের সঙ্গে বাফুফের কোনো আর্থিক, সাংগঠনিক বা ব্যবস্থাপনাগত দায়িত্ব বা সরাসরি সম্পৃক্ততা ছিল না। ফেডারেশন শুধুমাত্র সহযোগিতার অংশ হিসেবে একটি বয়সভিত্তিক দল গঠনে সহায়তা করে এবং জাতীয় ক্রীড়া পরিষদের মাধ্যমে মাঠ পাওয়ার বিষয়ে সহযোগিতার প্রতিশ্রুতি দেয়। এছাড়া ম্যাচ চলাকালীন নির্ধারিত ৯০ মিনিট মাঠের ভেতরে সীমিত লজিস্টিক সহায়তা দেওয়া হয়েছিল।

তবে টুর্নামেন্ট চলাকালীন এবং শেষ পর্যায়ে একাধিক অপ্রত্যাশিত ও অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। এমনকি নির্ধারিত শেষ ম্যাচ আয়োজন করতেও আয়োজকরা ব্যর্থ হয়। পাশাপাশি আর্জেন্টিনা ও ব্রাজিল থেকে আগত সফরকারী দলগুলোর নিজ নিজ দেশে ফিরে যেতে জটিলতার সৃষ্টি হয়। বিষয়গুলো বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নজরে এসেছে এবং তা পর্যবেক্ষণে রাখা হয়েছে।

এ প্রসঙ্গে বাফুফে স্পষ্টভাবে জানায়, এসব ঘটনার সঙ্গে ফেডারেশনের কোনো দায় বা সংশ্লিষ্টতা নেই। তা সত্ত্বেও বিভিন্ন মাধ্যমে বাফুফেকে জড়িয়ে বিভ্রান্তিকর ও অসত্য তথ্য প্রচার করা হচ্ছে, যা দুঃখজনক।

বাংলাদেশ ফুটবল ফেডারেশন জানিয়েছে, তারা দায়িত্বশীলভাবে পুরো বিষয়টি পর্যবেক্ষণ করছে এবং সংশ্লিষ্ট সকলকে যাচাই-বাছাই ছাড়া বিভ্রান্তিকর তথ্য প্রচার থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে। একই সঙ্গে বাফুফে ভবিষ্যতেও দেশের ফুটবলের স্বার্থে যে কোনো ইতিবাচক উদ্যোগে সহযোগিতা অব্যাহত রাখবে, তবে নিজের দায়িত্ব ও সীমারেখা স্পষ্টভাবে অনুসরণ করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *