বরিশালের বানারীপাড়ায় যথাযোগ্য মর্যাদা ও গভীর ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে।
রবিবার (১৪ ডিসেম্বর) সকালে উপজেলার সদর ইউনিয়নের গাভা–নরেরকাঠি বধ্যভূমির স্মৃতিসৌধে উপজেলা প্রশাসন ও পরিষদ, মুক্তিযোদ্ধা সংসদ, বিএনপি, পৌরসভাসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে পুষ্পার্ঘ অর্পণ করা হয়। এরপর শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
পরে উপজেলা প্রশাসনের উদ্যোগে একই স্থানে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বায়েজিদুর রহমানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) জিএম এ মুনিব, বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ মো. মজিবুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা মো. মাহফুজুর রহমান, প্রাণিসম্পদ কর্মকর্তা মো. মাসুম বিল্লাহ, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা তনয় সিংহ, বীর মুক্তিযোদ্ধা খলিলুর রহমান ও মীর সাইদুর রহমান শাহজাহানসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।
আলোচনা সভায় বক্তারা ১৪ ডিসেম্বর ১৯৭১ সালের নির্মম ইতিহাস তুলে ধরেন। তারা বলেন, দেশকে মেধাশূন্য করার ঘৃণ্য পরিকল্পনার অংশ হিসেবে পাকিস্তানি সেনাবাহিনী ও তাদের দোসররা রাও ফরমান আলীর নেতৃত্বে এ দেশের শ্রেষ্ঠ বুদ্ধিজীবীদের হত্যা করে। বক্তারা গভীর শোক প্রকাশ করে জানান, বানারীপাড়ার দুই কৃতী সন্তান—ড. জ্যোতিময় গুহ ঠাকুরতা ও সুখ রঞ্জন সমাদ্দারও ওই নৃশংস হত্যাকাণ্ডের শিকার হন।
বক্তারা শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগ স্মরণ করে তাঁদের আদর্শে অনুপ্রাণিত হয়ে দেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।