কুষ্টিয়া সীমান্তের ৮১ কিলোমিটারে বিজিবির কঠোর নজরদারি

ভারত থেকে বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশ ও অপরাধমূলক তৎপরতা ঠেকাতে কুষ্টিয়া সীমান্ত এলাকায় কঠোর নজরদারি জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) তাদের আওতাধীন প্রায় ৮১.৫ কিলোমিটার সীমান্তজুড়ে তল্লাশি ও টহল কার্যক্রম বাড়িয়েছে।

বিজিবি সূত্রে জানা গেছে, ১৩ ডিসেম্বর শনিবার থেকে সীমান্ত এলাকায় বিশেষ নজরদারি শুরু করা হয়েছে। ৪৭ বিজিবির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ১৩১/৮-আর থেকে ৮১/৩-এস পর্যন্ত দীর্ঘ এই এলাকায় নিয়মিত টহলের পাশাপাশি গোয়েন্দা নজরদারিও জোরদার করা হয়েছে।

সীমান্তের ঝুঁকিপূর্ণ ও গুরুত্বপূর্ণ স্থানগুলোতে অস্থায়ী চেকপোস্ট বসানো হয়েছে। এর মধ্যে দৌলতপুর উপজেলার তারাগুনিয়া, আবেদেরঘাট, কাথুলী, ধর্মদাহ ও ডাংমড়কা এবং মিরপুর উপজেলার আমলাবাজার ও মশানবাজার এলাকা উল্লেখযোগ্য। এসব স্থানে অতিরিক্ত বিজিবি সদস্য মোতায়েন করে যানবাহন ও সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি চালানো হচ্ছে। ১৩ ডিসেম্বর থেকেই এই তল্লাশি কার্যক্রম অব্যাহত রয়েছে।

কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি জানান, সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ও যেকোনো ধরনের দুষ্কৃতিকারী কর্মকাণ্ড রোধে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। সীমান্তের প্রতিটি পয়েন্টে টহল ও তল্লাশি জোরদার করা হয়েছে।

তিনি আরও বলেন, সীমান্ত এলাকার নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় প্রশাসন ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করছে বিজিবি। দেশের বর্তমান পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই নজরদারি ও তল্লাশি কার্যক্রম চলমান থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *