বরিশালের বানারীপাড়ায় মহান বিজয় দিবস উপলক্ষে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে সোমবার (১৫ ডিসেম্বর) সকাল ১১টায় উপজেলা মিলনায়তনে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
গ্রুপভিত্তিক এই প্রতিযোগিতায় জাতীয় পতাকা, জাতীয় স্মৃতিসৌধ, মুক্তিযুদ্ধ ও বিজয় মিছিল—এই চারটি শিরোনামে রচনা ও চিত্রাঙ্কন অনুষ্ঠিত হয়। উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এতে অংশগ্রহণ করে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বানারীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বায়েজিদুর রহমান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা তনয় সিংহ, সমাজসেবা কর্মকর্তা পার্থ সারথি দেউরি, উপজেলা একাডেমিক সুপারভাইজার জয়শ্রী কর, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোঃ মনিরুল ইসলাম, বানারীপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাকসুদা বেগম, সাংবাদিক জাকির হোসেন, ছাত্র প্রতিনিধি মোঃ সাব্বির হোসেন, সাংবাদিক মাইদুল ইসলাম সফিক, সাইফুল ইসলামসহ বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিবর্গ।
শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে প্রতিযোগিতার পরিবেশ ছিল উৎসবমুখর। প্রতিযোগিতা শেষে রচনা ও চিত্রাঙ্কন—উভয় বিভাগে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়।