কুষ্টিয়ায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) পরিচালিত মাদক ও চোরাচালানবিরোধী অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও অবৈধ চোরাচালানি মালামাল জব্দ করা হয়েছে। জব্দকৃত এসব মালামালের বাজারমূল্য প্রায় ২ কোটি ৬১ লাখ ৮২ হাজার ৮৮০ টাকা।
সোমবার (১৫ ডিসেম্বর) দিবাগত রাত ১১টার দিকে এ তথ্য নিশ্চিত করেন কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি।
বিজিবি সূত্রে জানা যায়, ১৪ ডিসেম্বর থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত কুষ্টিয়া ব্যাটালিয়নের আওতাধীন বিভিন্ন এলাকায় একাধিক অভিযান পরিচালনা করা হয়। এসব অভিযানে মালিকবিহীন অবস্থায় বিপুল পরিমাণ মাদক ও চোরাচালানি পণ্য উদ্ধার করা সম্ভব হয়।
এর মধ্যে বেনাপোল থেকে ঢাকাগামী “বেনাপোল এক্সপ্রেস” ট্রেন থেকে মালিকবিহীন অবস্থায় ভারতীয় এলএসডি ৫ বোতল (৫০ এমএল) এবং ১ কেজি ফরচুন বাসমতি চাল উদ্ধার করা হয়। এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ২ কোটি ৬০ লাখ ৪৮০ টাকা।
এছাড়া ১৫ ডিসেম্বর ২০২৫ তারিখ সকাল আনুমানিক ১০টা ৩০ মিনিটে কুষ্টিয়া ব্যাটালিয়নের অধীনস্থ চল্লিশপাড়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় বিশেষ টহল অভিযান পরিচালনা করা হয়। সীমান্ত পিলার ৮৯/২-এস থেকে প্রায় ৯০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে চর পাড়া এলাকায় নায়েক জীবন কুমারের নেতৃত্বে টহল দল মালিকবিহীন অবস্থায় ২৮ কেজি গাঁজা উদ্ধার করে। উদ্ধারকৃত গাঁজার মধ্যে ৫টি গাঁজা গাছও ছিল। এর আনুমানিক সিজার মূল্য ৯৮ হাজার টাকা।
লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি জানান, মালিকবিহীন অবস্থায় উদ্ধারকৃত মাদকদ্রব্য ধ্বংসের জন্য ব্যাটালিয়নের সিজার স্টোরে সংরক্ষণ করা হয়েছে। পাশাপাশি বাংলাদেশি পেঁয়াজের ফুল, বাইসাইকেল ও বাসমতি চাল সংশ্লিষ্ট কাস্টমস অফিসে জমা দেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।
বিজিবি জানায়, সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। মাদক পাচারসহ সব ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে বিজিবি সর্বোচ্চ কঠোর অবস্থানে রয়েছে এবং এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।