কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নে সরকারি বিএডিসি ডিলারের বিরুদ্ধে অবৈধভাবে সার পাচারের অভিযোগ উঠেছে। রাতের আঁধারে সার পাচারের সময় স্থানীয় কৃষকদের হাতে ধরা পড়েছে একটি নসিমন গাড়ি ও ৪০ বস্তা ইউরিয়া সার।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) রাত আনুমানিক ৯টার দিকে আদাবাড়িয়া ইউনিয়নের ধর্মদহ গ্রামের কাজিপুর ব্রিজ এলাকায় কৃষকরা গাড়িটি আটক করেন। পরে বিষয়টি প্রশাসনকে জানানো হলে সার ও গাড়ি জব্দ করা হয়।
স্থানীয় সূত্র জানায়, আদাবাড়িয়া ইউনিয়নের সরকারি বিএডিসি সার ডিলার মেসার্স মামুন ট্রেডার্সের স্বত্বাধিকারী আব্দুল্লাহ আল মামুন নিজ গোডাউন থেকে ৪০ বস্তা ইউরিয়া সার নসিমন গাড়িতে করে পার্শ্ববর্তী মেহেরপুর জেলার সাহেবনগরের এক ব্যবসায়ীর কাছে অতিরিক্ত দামে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন।
কৃষকরা গাড়ির চালকের কাছে সারের বৈধ রশিদ চাইলে তিনি তা দেখাতে পারেননি। পরে সংশ্লিষ্ট কৃষি কর্মকর্তাকে খবর দেওয়া হলে তিনি ঘটনাস্থলে এসে সারসহ গাড়িটি জব্দ করেন।
স্থানীয় কৃষকদের অভিযোগ, ডিলার মামুন দীর্ঘদিন ধরে কৃষকদের পর্যাপ্ত সার না দিয়ে বাইরে বেশি দামে বিক্রি করে আসছেন। এতে কৃষকরা ন্যায্যমূল্যে সার পেতে চরম ভোগান্তির শিকার হচ্ছেন। এসব অভিযোগের ভিত্তিতেই কৃষকরা সন্দেহ করে গাড়িটি আটক করেন।
এ বিষয়ে মেসার্স মামুন ট্রেডার্সের স্বত্বাধিকারী আব্দুল্লাহ আল মামুন বলেন, তিনি সার পাচারের সঙ্গে জড়িত নন। তবে তিনি মাঝে মাঝে বাইরে থেকে ইউরিয়া সার কিনে বাইরে বিক্রি করেন বলে স্বীকার করেন। একপর্যায়ে তিনি তার সহোদর ভাইকে ফোনটি ধরিয়ে দেন। তার ভাই সরাসরি সাক্ষাৎ করে কথা বলার অনুরোধ জানান।
দৌলতপুর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রেহানা পারভীন বলেন, সরকারি অনুমোদিত বিএডিসি ডিলার সার পাচার করছিল—এমন অভিযোগ পাওয়ার পর সার ও গাড়ি জব্দ করা হয়েছে। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে আলোচনা করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।