নিউইয়র্কে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদ্‌যাপন

 

জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশন ও বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, নিউইয়র্কের যৌথ উদ্যোগে যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনায় মহান বিজয় দিবস উদ্‌যাপন করা হয়েছে।

অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা, বিশিষ্ট ব্যক্তিবর্গ, রাজনৈতিক, সামাজিক, ব্যবসায়িক, সাংস্কৃতিক ও মিডিয়া ব্যক্তিত্ব, বাংলাদেশি শিক্ষার্থী এবং প্রবাসী কমিউনিটির সদস্যসহ বিপুল সংখ্যক অতিথি উপস্থিত ছিলেন।

জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও গীতা পাঠ করা হয়।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত সালাহউদ্দিন নোমান চৌধুরী। তিনি ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে বীর মুক্তিযোদ্ধাদের অবিস্মরণীয় অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং সবাইকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা জানান। রাষ্ট্রদূত মুক্তিযুদ্ধকালে প্রবাসী বাংলাদেশিদের জনমত গঠনে ভূমিকার কথা তুলে ধরেন। একই সঙ্গে বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে যুক্তরাষ্ট্রে বসবাসরত প্রবাসীদের অবদানের জন্য ধন্যবাদ জানান।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন কনসাল জেনারেল মোহাম্মদ মোজাম্মেল হক। তিনি মহান মুক্তিযুদ্ধে সকল শহীদের আত্মার মাগফেরাত কামনা করেন এবং বীর মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনাদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। তিনি বলেন, রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ ও আন্তরিকভাবে কাজ করতে হবে।

কনসাল জেনারেল জানান, মাননীয় প্রধান উপদেষ্টার নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার যে সংস্কার কর্মসূচি গ্রহণ করেছে, তা বাস্তবায়নে সবার সহযোগিতা প্রয়োজন। তিনি যুক্তরাষ্ট্রে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের দেশের উন্নয়নে আরও বেশি অবদান রাখার আহ্বান জানান। পাশাপাশি তিনি অনলাইন রেজিস্ট্রেশনের মাধ্যমে আগামী জাতীয় সংসদ নির্বাচনে পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য প্রবাসীদের উৎসাহিত করেন।

অনুষ্ঠানে ১৯৭১ সালের সকল শহীদ, শহীদ বুদ্ধিজীবী ও শহীদ বীর মুক্তিযোদ্ধাদের আত্মার মাগফেরাত কামনা করে দেশের শান্তি ও সমৃদ্ধি প্রত্যাশায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

পরে কমিউনিটির শিল্পীদের অংশগ্রহণে সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়। ঐতিহ্যবাহী দেশীয় খাবারে অতিথিদের আপ্যায়নের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *