দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্র বন্দর মোংলার সক্ষমতা ও নিরাপত্তা বাড়াতে নতুন একটি অত্যাধুনিক সার্চ অ্যান্ড রেসকিউ ভেসেল যুক্ত হলো। বাংলাদেশ নৌবাহিনী দ্বারা পরিচালিত খুলনা শিপইয়ার্ড লিমিটেডে নির্মিত এই বিশেষায়িত জাহাজটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে।
দেশীয় প্রযুক্তিতে নির্মিত এই জাহাজটি মোংলা বন্দর কর্তৃপক্ষের দৈনন্দিন কার্যক্রমে নতুন গতি সঞ্চার করবে। বন্দর চ্যানেল, সুন্দরবন এলাকা ও গভীর সমুদ্রে যে কোনো জরুরি পরিস্থিতিতে দ্রুত অনুসন্ধান ও উদ্ধার কাজে জাহাজটি ব্যবহার করা যাবে। একই সঙ্গে দুর্ঘটনার সময় আহত ব্যক্তিদের জরুরি চিকিৎসা সহায়তা ও মেডিক্যাল ইভাকুয়েশন এবং বিপদগ্রস্ত জাহাজকে সহায়তা দেওয়ার কাজেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
নতুন এই সার্চ অ্যান্ড রেসকিউ ভেসেল আধুনিক নেভিগেশন ব্যবস্থা, যোগাযোগ প্রযুক্তি ও নিরাপত্তা সরঞ্জামে সজ্জিত। ফলে দুর্যোগ বা দুর্ঘটনার সময় দ্রুত সিদ্ধান্ত নেওয়া ও কার্যকর অভিযান পরিচালনা সহজ হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
বাংলাদেশ নৌবাহিনী কর্তৃক পরিচালিত খুলনা শিপইয়ার্ডে আন্তর্জাতিক মানের এই জাহাজ নির্মাণ প্রকৌশল খাতে দেশের সক্ষমতা ও স্বনির্ভরতার একটি উল্লেখযোগ্য উদাহরণ। এতে দেশের জাহাজ নির্মাণ শিল্পের অগ্রগতি যেমন ফুটে উঠেছে, তেমনি সমুদ্রবন্দর ব্যবস্থাপনায় নিরাপত্তা ও সেবার মান আরও এক ধাপ এগিয়ে গেল।