রাজধানীর মগবাজারে দুর্বৃত্তদের ছোড়া বোমার বিস্ফোরণে সিয়াম নামে এক যুবক নিহত হয়েছেন। বুধবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যায় মগবাজার মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভের সামনে ফ্লাইওভারের নিচে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যার দিকে ফ্লাইওভারের ওপর থেকে নিচের দিকে একটি বোমা নিক্ষেপ করা হয়। বোমাটি নিচে পড়ে বিস্ফোরিত হলে সিয়াম গুরুতর আহত হন। বিস্ফোরণের পর ঘটনাস্থলে আতঙ্ক ছড়িয়ে পড়ে। রক্তাক্ত অবস্থায় সিয়ামকে পড়ে থাকতে দেখা যায়। কিছুক্ষণ পর তিনি মারা যান।
খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এলাকা ঘিরে ফেলে। বোমা নিক্ষেপের পর দুর্বৃত্তরা দ্রুত পালিয়ে যায় বলে জানিয়েছে পুলিশ।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার মাসুদ আলম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ফ্লাইওভারের ওপর থেকে বোমাটি নিচে নিক্ষেপ করা হয়েছে। বোমা নিক্ষেপের কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।
তিনি আরও জানান, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও বিশ্লেষণের কাজ চলছে। তদন্ত শেষ হলে বিস্তারিত তথ্য জানানো হবে।
নিহতের স্বজনরা জানান, সিয়াম একটি বেসরকারি ফ্যাক্টরিতে কর্মরত ছিলেন। ঘটনার সময় তিনি ওই এলাকায় অবস্থান করছিলেন। প্রথমে তার পরিচয় নিশ্চিত করা সম্ভব না হলেও পরে স্বজনরা ঘটনাস্থলে এসে তাকে শনাক্ত করেন।
এ ঘটনায় এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, দোষীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।