ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে ‘মাইনরিটি ঐক্য জোট’-এর আত্মপ্রকাশ

 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টির (বিএমজেপি) নেতৃত্বে নতুন রাজনৈতিক জোট ‘মাইনরিটি ঐক্য জোট’ আত্মপ্রকাশ করেছে। ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুদের ৪৪টি সংগঠনের সমন্বয়ে এই জোট গঠিত হয়েছে।

সোমবার (২২ ডিসেম্বর) রাজধানীর জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে জোটটির আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়। অনুষ্ঠানে বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টির সভাপতি সুকৃতি কুমার মণ্ডলকে আহ্বায়ক এবং বাংলাদেশ হিন্দু কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি রবীন্দ্রনাথ বর্মনকে সদস্য সচিব করে ১৬ সদস্যের একটি আংশিক কমিটি ঘোষণা করা হয়।

আত্মপ্রকাশ অনুষ্ঠানে বক্তারা বলেন, স্বাধীনতার পর থেকে বিভিন্ন সময়ে ক্ষমতায় থাকা প্রায় সব সরকারের আমলেই ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ হামলা, মামলা, নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছেন। অনেক ক্ষেত্রে ব্যবসা প্রতিষ্ঠান ও সম্পদ দখল করা হয়েছে, এমনকি হত্যার ঘটনাও ঘটেছে। তবে এসব ঘটনার সুষ্ঠু বিচার হয়নি।

বক্তারা আরও অভিযোগ করেন, রাজনৈতিক দলগুলো নির্বাচনের সময় সংখ্যালঘুদের ভোট নিলেও তাদের অধিকার, নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করতে কার্যকর কোনো উদ্যোগ নেয়নি। এই বাস্তবতায় সংখ্যালঘুদের নিজেদের স্বার্থ সংরক্ষণ এবং দাবি আদায়ের জন্য জাতীয় সংসদে সরাসরি প্রতিনিধিত্ব প্রয়োজন বলে তারা মত দেন।

অনুষ্ঠানে জানানো হয়, দেশের ৩০০টি সংসদীয় আসনের মধ্যে প্রায় ৪৭টি আসনে ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘু ভোটারের হার ২০ থেকে ৬০ শতাংশ পর্যন্ত। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে এসব আসনে ‘মাইনরিটি ঐক্য জোট’ থেকে প্রার্থী দেওয়ার পরিকল্পনার কথাও জানান নেতারা।

নতুন এই জোটের লক্ষ্য হিসেবে সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার, নিরাপত্তা ও অস্তিত্ব রক্ষায় সংগঠিতভাবে কাজ করার কথা ঘোষণা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *