প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে) খোদা বকশ চৌধুরী পদত্যাগ করেছেন। তার পদত্যাগপত্র রাষ্ট্রপতি গ্রহণ করেছেন।
এ বিষয়ে বুধবার (২৪ ডিসেম্বর) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনটিতে স্বাক্ষর করেন মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ।
তবে খোদা বকশ চৌধুরীর পদত্যাগের কারণ সম্পর্কে সরকারি ভাবে কিছু জানানো হয়নি। ধারণা করা হচ্ছে, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডকে কেন্দ্র করে সংগঠনটির দাবির মুখেই তিনি পদত্যাগ করেছেন।
খোদা বকশ চৌধুরী গত বছরের ১০ নভেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পান। এর আগে তিনি বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) হিসেবে দায়িত্ব পালন করেছেন।
এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট বিষয়ে জনসচেতনতামূলক প্রচার কার্যক্রমের মুখ্য সমন্বয়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রীয়াজকে। এ সংক্রান্ত একটি নির্দেশনা বুধবার (২৪ ডিসেম্বর) প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে জারি করা হয়।
নির্দেশনায় বলা হয়, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট বিষয়ে জনসচেতনতা বাড়াতে সব ধরনের প্রচার কার্যক্রম সমন্বয়ের দায়িত্ব পালন করবেন অধ্যাপক আলী রীয়াজ।
এর আগে আলী রীয়াজ জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। পরে তাকে উপদেষ্টা পদমর্যাদায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে নিয়োগ দেওয়া হয়।
শিক্ষাজীবনে আলী রীয়াজ ২০০২ সালে যুক্তরাষ্ট্রের ইলিনয় স্টেট ইউনিভার্সিটিতে অধ্যাপক হিসেবে যোগ দেন। বর্তমানে তিনি ওই বিশ্ববিদ্যালয়ের রাজনীতি ও সরকার বিভাগের ডিস্টিংগুইশড অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করছেন।