২৪৩ আসনে প্রার্থী ঘোষণা জাপার

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এককভাবে ২৪৩টি আসনে প্রার্থী দেওয়ার ঘোষণা দিয়েছে জি এম কাদেরের নেতৃত্বাধীন জাতীয় পার্টি (জাপা)। শুক্রবার (২৬ ডিসেম্বর) ঢাকার গুলশানে লেকশোর হোটেলে এক সংবাদ সম্মেলনে দলটির চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করেন মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী।

সংবাদ সম্মেলনে শামীম হায়দার পাটোয়ারী বলেন, ভোটের মাঠে সব রাজনৈতিক দলের জন্য সমান সুযোগ নিশ্চিত না হলে জাতীয় পার্টি নির্বাচন থেকে সরে আসতে পারে। তিনি বলেন, জাতীয় পার্টি সব সময় জনগণের রায়ের প্রতি শ্রদ্ধাশীল। অতীতেও জনগণের যে কোনো রায় দলটি মেনে নিয়েছে।

তিনি আরও বলেন, জাতীয় পার্টি একটি নির্বাচনমুখী দল। সুষ্ঠু, অবাধ ও অংশগ্রহণমূলক জাতীয় নির্বাচন অনুষ্ঠানের জন্য আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখা এবং সব দলের জন্য সমান সুযোগ নিশ্চিত করা জরুরি। এ দায়িত্ব অন্তর্বর্তী সরকারের। তবে বর্তমান পরিস্থিতিতে সরকার সেই দায়িত্ব যথাযথভাবে পালন করতে ব্যর্থ হচ্ছে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।

প্রার্থী তালিকা অনুযায়ী, জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের রংপুর-৩ (সদর) আসন থেকে নির্বাচনে অংশ নিচ্ছেন। অন্যদিকে মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের পাশাপাশি গাইবান্ধা-৫ (সাঘাটা ও ফুলছড়ি) আসন থেকেও প্রার্থী হচ্ছেন।

সংবাদ সম্মেলনে দলটির নেতারা জানান, নির্বাচন পরিবেশ পর্যবেক্ষণ করে পরবর্তী রাজনৈতিক সিদ্ধান্ত নেওয়া হবে। তবে এখন পর্যন্ত জাতীয় পার্টি নির্বাচনের প্রস্তুতি চালিয়ে যাচ্ছে বলে জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *