সিআইডি ও তুরস্কের সহযোগিতা সংস্থা টিকা (Turkish Cooperation and Coordination Agency – TİKA), ঢাকার মধ্যে একটি গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৪ ডিসেম্বর ২০২৫) ঢাকাস্থ সিআইডি সদর দপ্তরে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন সিআইডি প্রধান অতিরিক্ত আইজিপি মো. ছিবগাত উল্লাহ, বিপিএম, পিপিএম।
সভায় সিআইডি ও টিকা ঢাকার প্রতিনিধিরা পারস্পরিক সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন। আলোচনার মূল বিষয় ছিল সক্ষমতা বৃদ্ধি, ফরেনসিক তদন্ত, সাইবার নিরাপত্তা, ডিজিটাল অপরাধ দমন, প্রশিক্ষণ কার্যক্রম এবং প্রকল্পভিত্তিক সহায়তা।
এ সময় সিআইডির ফরেনসিক শাখার সক্ষমতা উন্নয়ন এবং ডিজিটাল ফরেনসিক ও সাইবার অপরাধ তদন্তে আধুনিক ও বিশেষায়িত প্রশিক্ষণের প্রয়োজনীয়তার কথা তুলে ধরা হয়। এ ক্ষেত্রে তুরস্ক সরকারের কারিগরি সহায়তা ও প্রশিক্ষণ কর্মসূচির সম্ভাবনা নিয়ে উভয় পক্ষ একমত পোষণ করে।
সভায় সাইবার নিরাপত্তাকে একটি উদীয়মান ও গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করে সিআইডি কর্মকর্তাদের জন্য বিশেষ প্রশিক্ষণ দেওয়ার বিষয়েও আলোচনা হয়। পাশাপাশি যৌথ চাহিদা মূল্যায়নের মাধ্যমে অগ্রাধিকারভিত্তিক ক্ষেত্র নির্ধারণ, ভবিষ্যতে প্রকল্প প্রস্তাবনা প্রণয়ন এবং সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়।
উভয় পক্ষ দীর্ঘমেয়াদি প্রাতিষ্ঠানিক সম্পর্ক জোরদার, জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময় এবং বাংলাদেশ ও তুরস্কের মধ্যে অংশীদারিত্ব আরও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করে। সভা শেষে ভবিষ্যৎ সহযোগিতা বাস্তবায়নে নিয়মিত সমন্বয় সভা অব্যাহত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় সিআইডির ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি টিকা ঢাকার পক্ষ থেকে উপস্থিত ছিলেন Mr. Muhammed Ali Armağan, Mr. Nurullah এবং তুরস্ক দূতাবাসের প্রতিনিধি Mr. Bora Taşdelen।