কুমিল্লায় সৎ সঙ্গের প্রাণপুরুষ যুগ পুরুষোত্তম পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৮তম শুভ আবির্ভাব বর্ষস্মরণ মহোৎসব অনুষ্ঠিত হয়েছে। দুই দিনব্যাপী এই মহোৎসব ১ ও ২ জানুয়ারি বৃহস্পতিবার ও শুক্রবার কুমিল্লা মহেশাঙ্গণ নাট মন্দির প্রাঙ্গণে আয়োজন করা হয়।
অনুষ্ঠানের প্রথম দিন বৃহস্পতিবার সন্ধ্যায় সমবেত প্রার্থনার মাধ্যমে কর্মসূচি শুরু হয়। এরপর গঙ্গা আহ্বান ও মাঙ্গলিক অধিবাস অনুষ্ঠিত হয়। দ্বিতীয় দিন শুক্রবার সকালে সমবেত প্রার্থনা, শ্রীমদ্ভাগবত পাঠ, লীলা কীর্তন ও মাতৃ সম্মেলন অনুষ্ঠিত হয়। পরে মহাপ্রসাদ বিতরণ ও ধর্মসভা আয়োজন করা হয়।
ধর্মসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পাবনা হেমায়তপুর কেন্দ্রীয় আশ্রমের সাধারণ সম্পাদক তাপস বর্মন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র সৎসঙ্গ কুমিল্লা জেলা শাখার সভাপতি অধ্যাপক দিলীপ পোদ্দার। সবশেষে উৎসবাঞ্জলী ও জয় রাধে কীর্তনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
অনুষ্ঠানে সদ্য প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় এক মিনিট নীরবতা পালন করা হয়। এ সময় বক্তব্য রাখেন কুমিল্লা-৬ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মনিরুল হক চৌধুরী।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উৎবাতুল বারী আবু, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম এবং সদর দক্ষিণ উপজেলা সভাপতি অ্যাডভোকেট আক্তার হোসেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র সৎসঙ্গ কুমিল্লা জেলা শাখার সাধারণ সম্পাদক বিনয় ভূষণ সাহা, বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট কুমিল্লা মহানগরের আহ্বায়ক শ্রী শ্যামল কৃষ্ণ সাহা, সদস্য সচিব সঞ্জিত দেবনাথসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। দুই দিনব্যাপী এই আয়োজনে হাজারো ভক্ত ও শ্রোতা অংশগ্রহণ করেন।