বরিশালের বানারীপাড়া উপজেলার সৈয়দকাঠী এলাকায় পূর্ব শত্রুতার জের ধরে এক কাঠ ব্যবসায়ী ও তার স্ত্রীকে পরিকল্পিতভাবে কুপিয়ে ও পিটিয়ে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। হামলার সময় তাদের কাছ থেকে নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ারও অভিযোগ রয়েছে।
আহতরা হলেন বানারীপাড়া উপজেলার সৈয়দকাঠী ইউনিয়নের ২ নম্বর পশ্চিম সৈয়দকাঠী গ্রামের বাসিন্দা মৃত ইয়াকুব আলী বেপারীর ছেলে কাঠ ব্যবসায়ী মাসুম বিল্লাহ (৪৫) এবং তার স্ত্রী কুলসুম বেগম (৩৮)।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার (৩১ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে মাসুম বিল্লাহ ও তার স্ত্রী হারতা বাজার থেকে নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা হন। পথিমধ্যে রায়ের বাজার এলাকায় পৌঁছালে প্রতিপক্ষরা তাদের পথরোধ করে। এরপর ধারালো দেশীয় অস্ত্র দিয়ে স্বামী-স্ত্রীকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করা হয়।
আহত মাসুম বিল্লাহ বলেন, দীর্ঘদিন ধরে জমিজমা সংক্রান্ত বিরোধ নিয়ে একই এলাকার শামসুল হক আকনের ছেলে মাহমুদ আকন ও তার সহযোগীদের সঙ্গে তাদের বিরোধ চলছিল। জমি দখলকে কেন্দ্র করে আদালতে মামলা হলে রায় তার পক্ষে আসে। কিন্তু আদালতের রায় অমান্য করে প্রতিপক্ষরা জমি দখলের চেষ্টা চালিয়ে যাচ্ছিল। এরই ধারাবাহিকতায় এই হামলা চালানো হয়েছে বলে তিনি দাবি করেন।
তার অভিযোগ অনুযায়ী, মাহমুদ আকনের নির্দেশে মানিক বেপারি, ফিরোজ, শফিক, জহির, মুবিন, বাবু ও তাদের সহযোগীরা হামলায় অংশ নেয়। হামলার সময় মাসুম বিল্লাহর কাছ থেকে নগদ ১ লাখ ৬১ হাজার টাকা ও দুটি মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয়।
হামলায় মাসুম বিল্লাহর মাথা ও পা এবং তার স্ত্রী কুলসুম বেগমের কপাল ও পায়ে গুরুতর জখম হয়। চিকিৎসকরা জানিয়েছেন, দু’জনেরই দুই পা ভেঙে গেছে।
গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাদের উদ্ধার করে উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। চিকিৎসকদের মতে, দু’জনেরই অবস্থা আশঙ্কাজনক এবং প্রয়োজনে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হতে পারে।
এ ঘটনায় বানারীপাড়া থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে আহতদের স্বজনরা জানিয়েছেন।