মাদুরোর অনুপস্থিতিতে ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ: সুপ্রিম কোর্টের রায়

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর অনুপস্থিতিতে দেশটির ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজকে অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিতে হবে—এমন রায় দিয়েছে ভেনেজুয়েলার সুপ্রিম কোর্ট। রোববার (৪ঠা জানুয়ারী) সকালে বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে দেশটির হাইকোর্ট জানায়, প্রশাসনিক ধারাবাহিকতা বজায় রাখা এবং দেশের প্রতিরক্ষা নিশ্চিত করার জন্য ডেলসি রদ্রিগেজের কাছে দায়িত্ব হস্তান্তর জরুরি। আদালতের মতে, বর্তমান পরিস্থিতিতে রাষ্ট্র পরিচালনায় শূন্যতা তৈরি হলে তা দেশের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে।

সুপ্রিম কোর্ট আরও বলেছে, দেশের ধারাবাহিকতা, সরকারের কার্যকারিতা এবং রাষ্ট্রপতির সার্বভৌমত্ব রক্ষায় কোন আইনি কাঠামো প্রয়োগ করা হবে—সে বিষয়ে আরও আলোচনা প্রয়োজন। অর্থাৎ, অন্তর্বর্তী ব্যবস্থার আইনি ভিত্তি চূড়ান্ত করতে আদালত ভবিষ্যতে দিকনির্দেশনা দিতে পারে।

এদিকে, ভেনেজুয়েলায় হামলা চালিয়ে প্রেসিডেন্টকে তুলে নিয়ে যাওয়ার ঘটনার পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ভেনেজুয়েলার শাসনভার গ্রহণে একটি অন্তর্বর্তীকালীন দলের সঙ্গে কাজ করবে তার প্রশাসন। দেশটিতে ‘নিরাপদ, সঠিক ও ন্যায়সঙ্গত’ ক্ষমতা হস্তান্তর নিশ্চিত না হওয়া পর্যন্ত এই দলই দায়িত্ব পালন করবে বলে জানান তিনি।

ভেনেজুয়েলার ভেতরে কারা এই অন্তর্বর্তী দলের অংশ হবেন—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ভেনেজুয়েলার ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজের সঙ্গে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও নিয়মিত যোগাযোগ রাখছেন। ট্রাম্পের দাবি, রদ্রিগেজ যুক্তরাষ্ট্র যা চাইবে, তা করতে আগ্রহ প্রকাশ করেছেন।

ডেলসি রদ্রিগেজ সদ্য ক্ষমতাচ্যুত নিকোলাস মাদুরোর দীর্ঘদিনের ঘনিষ্ঠ সহযোগী ছিলেন এবং তার সরকারের ভাইস প্রেসিডেন্টের দায়িত্ব পালন করছিলেন। তার ভাই জর্জ রদ্রিগেজ বর্তমানে ভেনেজুয়েলার জাতীয় পরিষদের নেতৃত্ব দিচ্ছেন। রদ্রিগেজ ভাই-বোন দীর্ঘদিন ধরেই মাদুরো সরকারের অন্যতম শক্তিশালী স্তম্ভ হিসেবে পরিচিত।

তবে মার্কিন সামরিক অভিযানের পর তৈরি হওয়া নতুন পরিস্থিতিতে নিজের রাজনৈতিক অস্তিত্ব রক্ষার জন্য তিনি ট্রাম্প প্রশাসনের সঙ্গে সহযোগিতায় সম্মত হয়েছেন—এমন ধারণাও উঠে এসেছে।

মার্কিন হামলার পর ডেলসি রদ্রিগেজই প্রথম উচ্চপদস্থ ভেনেজুয়েলান কর্মকর্তা হিসেবে প্রকাশ্যে বক্তব্য দেন। এক বিবৃতিতে তিনি নিকোলাস মাদুরো ও তার স্ত্রীর জীবনের নিরাপত্তা এবং তাদের বর্তমান অবস্থার প্রমাণ দিতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *