খিলক্ষেতে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য ‘আশার আলো ঢাকা’র নির্মাণ কাজ শুরু

বাংলাদেশ নৌবাহিনী পরিবার কল্যাণ সংঘের উদ্যোগে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য বিশেষায়িত প্রতিষ্ঠান ‘আশার আলো ঢাকা’-এর নির্মাণ কাজের শুভ উদ্বোধন করা হয়েছে।  রবিবার (০৪ জানুয়ারি ২০২৬) ঢাকার খিলক্ষেতে আয়োজিত অনুষ্ঠানে এ নির্মাণ কাজের উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ। বিশেষ অতিথি হিসেবে নির্মাণ কাজের উদ্বোধন করেন নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান এবং বাংলাদেশ নৌবাহিনী পরিবার কল্যাণ সমিতির (বিএনএফডব্লিউএ) প্রেসিডেন্ট নাদিয়া সুলতানা

এ সময় সমাজকল্যাণ মন্ত্রণালয়, পরিকল্পনা কমিশন, অর্থ মন্ত্রণালয়, বাংলাদেশ নৌবাহিনী ও বিভিন্ন দাতা প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পাশাপাশি ঢাকা নৌ অঞ্চলের সামরিক ও অসামরিক ব্যক্তিবর্গ, বিএন লেডিস ক্লাব ঢাকার চেয়ারম্যান, নৌ পরিবার কল্যাণ সংঘ ঢাকার চেয়ারম্যান এবং কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্যরাও অনুষ্ঠানে অংশ নেন।

নির্মাণ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে ‘আশার আলো ঢাকা’ প্রকল্পের লক্ষ্য ও কার্যক্রম তুলে ধরা হয়। প্রধান অতিথি শারমীন এস মুরশিদ বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের প্রতি আরও সহানুভূতিশীল হওয়ার আহ্বান জানান। তিনি এসব শিশুদের শিক্ষা, চিকিৎসা ও মানসিক বিকাশে রাষ্ট্র ও সমাজের সম্মিলিত দায়িত্বের কথা উল্লেখ করেন। একই সঙ্গে তিনি প্রতিষ্ঠানের প্রচার, প্রসার ও উন্নয়নে সরকারের পাশাপাশি সমাজের সকল দায়িত্বশীল ব্যক্তির সহযোগিতা কামনা করেন।

বিশেষ শিক্ষার অধিকার’ এই মূল মন্ত্রকে সামনে রেখে নির্মিতব্য ‘আশার আলো ঢাকা’তে অটিজম, সেরিব্রাল পালসি, ডাউন সিনড্রোমসহ বিভিন্ন শ্রেণির বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য শিক্ষা ও সেবা প্রদান করা হবে। প্রতিষ্ঠানটিতে থাকবে শিশুদের উপযোগী শ্রেণিকক্ষ, মাল্টি-ডিসিপ্লিনারি থেরাপি জোন, ইনডোর প্লে এরিয়া, হাইড্রোথেরাপি পুল, আউটডোর সেন্সরি গার্ডেন এবং নিরাপদ চলাচলের জন্য র‍্যাম্প ও লিফট সুবিধা। স্থাপত্যের প্রতিটি অংশে বিশেষ শিশুদের প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে।

উল্লেখ্য, বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের শিক্ষা, স্বাস্থ্য ও বিশেষায়িত প্রশিক্ষণে গুরুত্বপূর্ণ অবদান রাখায় ‘আশার আলো চট্টগ্রাম’ ১৮তম বিশ্ব অটিজম সচেতনতা দিবসে দেশের শ্রেষ্ঠ বিশেষায়িত শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি পেয়েছে। এই স্বীকৃতি বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের প্রতি বাংলাদেশ নৌবাহিনীর দায়িত্বশীল ভূমিকার একটি গৌরবোজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *