কক্সবাজার-৪ আসনে বিএনপি প্রার্থীকে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর হুমকি

কক্সবাজার-৪ (উখিয়া–টেকনাফ) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরীকে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর হুমকি দেওয়া হয়েছে। হুমকিতে বলা হয়েছে, নির্বাচন থেকে না সরে দাঁড়ালে তাকে ‘শরীফ ওসমান হাদির মতো পরিণতি’ ভোগ করতে হবে।

‘ব্যাটালিয়ন-৭১’ নামে পরিচয় দেওয়া একটি গোষ্ঠীর পক্ষ থেকে এই হুমকি দেওয়া হয়েছে বলে চিঠিতে উল্লেখ আছে। তবে আইনশৃঙ্খলা বাহিনী এখনো গোষ্ঠীটির প্রকৃত পরিচয় নিশ্চিত করতে পারেনি।

অজ্ঞাত ঠিকানা থেকে পোস্ট অফিসের মাধ্যমে পাঠানো ওই চিঠির সঙ্গে একটি সাদা কাফনের কাপড়ও পাঠানো হয়। চিঠিতে তারিখ দেওয়া আছে ২০২৫ সালের ২৩ ডিসেম্বর।

চিঠিতে লেখা হয়,
“আসসালামু আলাইকুম। আশা করি নির্বাচন নিয়ে ব্যস্ত আছেন। আপনার নিকট অনুরোধ রইল, আপনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করা থেকে বিরত থাকুন। অন্যথায় আপনার পরিণতি শরীফ ওসমান হাদির মতো হবে। আশা করি বুঝতে পেরেছেন। আপনি ২৪ ঘণ্টা আমাদের কিলিং স্কোয়াডের নজরদারিতে আছেন। আপনার জন্য একটি কাফনের কাপড় উপহার হিসেবে পাঠালাম।”

চিঠির শেষে মুমিনুল আলম নামের একজনের নাম উল্লেখ করা হয়েছে। তাকে ‘ব্যাটালিয়ন-৭১’-এর আঞ্চলিক কো-অর্ডিনেটর, কক্সবাজার বলে পরিচয় দেওয়া হয়েছে।

এ বিষয়ে শাহজাহান চৌধুরী বলেন, চিঠিটি পোস্ট অফিসের মাধ্যমে পাঠানো হয়েছে। তাঁর ভাষায়, “আমাদের এলাকায় কিছু সন্ত্রাসী গোষ্ঠী রয়েছে। তারাই এ ধরনের কাজ করতে পারে। আমরা বিষয়টি নিয়ে সতর্ক আছি।”

তিনি আরও বলেন, “হুমকি দিয়ে আমাকে দুর্বল করার চেষ্টা করা হচ্ছে। কিন্তু এতে আমি ভয় পাই না। আমাকে চাপ দিয়ে কেনা যাবে না। মানুষের মৃত্যু একবারই হবে, এটা নিয়ে আমি খুব বেশি চিন্তিত নই।”

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর আহমদ জানান, এ ঘটনায় শাহজাহান চৌধুরীর পক্ষ থেকে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

তিনি বলেন, “আবেদনটি গ্রহণ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *