কানাডার হাইকমিশনার অজিত সিং তিনজন রোহিঙ্গা বেঁচে যাওয়া ব্যক্তির সঙ্গে দেখা করেছেন। এই তিনজন খুব শিগগিরই নেদারল্যান্ডসের হেগে যাবেন। সেখানে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) গাম্বিয়ার করা গণহত্যা মামলায় সাক্ষ্য দেবেন। মামলাটি মিয়ানমারের রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর পরিচালিত দীর্ঘদিনের নির্যাতন, সহিংসতা ও হত্যাযজ্ঞের অভিযোগ ঘিরে।
সাক্ষাৎকালে রোহিঙ্গা প্রতিনিধিরা জানান, বহু বছর ধরে মিয়ানমারে তারা বৈষম্য ও অত্যাচারের শিকার হয়েছে। দেশত্যাগের পরও অধিকার, নিরাপত্তা ও ন্যায়বিচারের জন্য সংগ্রাম চলছে। তাদের দাবি, কানাডার সমর্থন থাকায় আইসিজেতে সাক্ষ্য দেওয়ার সুযোগ তৈরি হয়েছে। এজন্য তারা কৃতজ্ঞতা প্রকাশ করেন।
হাইকমিশনার অজিত সিং তিনজনের সাহসের প্রশংসা করেন। তিনি বলেন, মানবাধিকার ও আন্তর্জাতিক জবাবদিহির প্রশ্নে কানাডা স্পষ্ট অবস্থানে আছে। রোহিঙ্গাদের মর্যাদা প্রতিষ্ঠা এবং গণহত্যার বিচার নিশ্চিতের প্রচেষ্টায় কানাডা সমর্থন অব্যাহত রাখবে।
আইসিজের চলমান এই মামলাটি রোহিঙ্গা সংকটের আন্তর্জাতিক স্বীকৃতি ও জবাবদিহি নিশ্চিতের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বলে পর্যবেক্ষকদের মত।