বরিশালের বানারীপাড়া উপজেলার ইলুহার ইউনিয়নে বহুদিন ধরে অনুমোদন ছাড়াই চড়া সুদে ঋণ ও এফডিআর লেনদেনের অভিযোগ উঠেছে ‘শাহারিন ওয়েলফেয়ার ফাউন্ডেশন’ নামে একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। সাম্প্রতিক এক অভিযানে বিষয়টি প্রকাশ্যে আসে।
গোপন তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার(৮ই জানুয়ারী) স্থানীয় সাংবাদিকরা উপজেলা প্রশাসন ও সমবায় কর্মকর্তাকে অবগত করে প্রতিষ্ঠানের কার্যালয়ে যান। সেখানে প্রতিষ্ঠানটির কোনো বৈধ লাইসেন্স বা অনুমোদনপত্র পাওয়া যায়নি। সাংবাদিকদের সামনে কর্তৃপক্ষ ‘জয়েন্ট স্টক কোম্পানিজ অ্যান্ড কমার্স’-এর একটি মেয়াদোত্তীর্ণ ব্যবসায়িক কাগজপত্র দেখালেও ক্ষুদ্র ঋণদান বা এফডিআর পরিচালনার মতো আর্থিক কার্যক্রমের অনুমতি সংক্রান্ত কোনো বৈধ নথি দেখাতে পারেনি।
অভিযোগ রয়েছে, প্রতিষ্ঠানটি নিবন্ধনের নামে ভুয়া কাগজপত্র ব্যবহার করে দীর্ঘদিন ধরে গ্রামাঞ্চলের মানুষকে চড়া সুদে ঋণ দিয়ে আসছে। সুদের বোঝা টানতে না পেরে অনেক পরিবার চরম অর্থনৈতিক সংকটে পড়েছে বলে জানা গেছে।
অভিযানের সময় প্রতিষ্ঠানটির পরিচালক মোহাম্মদ নেয়ামত (৩৮) সংবাদ প্রকাশ ঠেকাতে রাজনৈতিক প্রভাব খাটানোর চেষ্টা করেন এবং সাংবাদিকদের হুমকি দেন বলেও অভিযোগ রয়েছে। এছাড়া বিভিন্ন নেতার নাম ব্যবহার করে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়।
উপজেলা সমবায় কর্মকর্তা আবুল বাশার রাঢ়ী বলেন, “শাহারিন ওয়েলফেয়ার ফাউন্ডেশন নামে বানারীপাড়ায় কোনো সমবায় সমিতির নিবন্ধন নেই। ক্ষুদ্র ঋণ প্রদান বা এফডিআর পরিচালনার জন্য মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি (MRA)-এর লাইসেন্স বাধ্যতামূলক। এসব অনুমতি ছাড়া পরিচালিত সব কার্যক্রমই অবৈধ।”
স্থানীয়রা জানান, এর আগেও এলাকায় লাইসেন্সবিহীন অনেক আর্থিক প্রতিষ্ঠান গ্রাহকের সঞ্চিত টাকা আত্মসাৎ করে উধাও হয়ে গেছে। তাই শাহারিন ওয়েলফেয়ার ফাউন্ডেশনে জমা রাখা অর্থের নিরাপত্তা নিয়ে শতশত গ্রাহক এখন দুশ্চিন্তায় আছেন।
চড়া সুদের ঋণ নিয়ে অনেক পরিবার বর্তমানে ঋণের জালে পড়ে টিকে থাকার লড়াইয়ে ব্যস্ত। এতে এলাকায় বাড়ছে ঋণগ্রস্ততা ও সামাজিক সংকট।
ভুক্তভোগীরা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ ও দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি করেছেন।