আসন বণ্টনে মতবিরোধে ভেঙে গেল জামায়াত–চরমোনাই জোট

জামায়াতে ইসলামীর নেতৃত্বে গঠিত ১১ দলীয় নির্বাচনী জোট থেকে সরে দাঁড়াল চরমোনাই পীরের দল ইসলামী আন্দোলন বাংলাদেশ। আসন বণ্টন ও রাজনৈতিক অবস্থান নিয়ে বিরোধের কারণে শেষ পর্যন্ত জোটে থাকতে অপারগতা জানায় দলটি।

১৬ জানুয়ারি (শুক্রবার) এক সংবাদ সম্মেলনে ইসলামী আন্দোলন জানায়, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশব্যাপী ২৬৮ আসনে এককভাবে তাদের প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করবে।

সংবাদ সম্মেলনে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব ও মুখপাত্র গাজী আতাউর রহমান বলেন, জোটের একটি দলের আচরণ বারবার তাঁদের দলের আত্মসম্মানবোধে আঘাত করেছে। “কারো অনুগ্রহে আসন নিয়ে রাজনীতি করতে চাই না। আমাদের রাজনৈতিক শিষ্টাচার বজায় থাকবে,” বলেন তিনি।

জামায়াতের রাজনৈতিক অবস্থান নিয়ে তিনি আরও বলেন, আদর্শগতভাবে ইসলামী আন্দোলন কোনো দলের চেয়ে দুর্বল নয়। “জামায়াত বলেছে তারা ক্ষমতায় গেলে ইসলামী আইন প্রতিষ্ঠা করবে না। এই অবস্থায় আমাদের জোটের উদ্দেশ্য কম্প্রোমাইজ হয়ে যায়,” মন্তব্য করেন গাজী আতাউর রহমান।

সংবাদ সম্মেলনে তিনি আরও অভিযোগ করেন, বিএনপির সঙ্গে জামায়াতের যোগাযোগ ও ‘পাতানো নির্বাচন’ নিয়ে তাদের বক্তব্য জোটের ভবিষ্যৎ নিয়ে শঙ্কা তৈরি করেছে। “আমরা কোনো পাতানো নির্বাচনের সমঝোতার অংশ হতে চাই না,” বলেন তিনি।

জামায়াত জোটে না থাকার আরেকটি কারণ হিসেবে ইসলামী আন্দোলনের শীর্ষ এক নেতা জানান, জোটটি ইসলামপন্থি সমমনা দলগুলোর হওয়ার কথা ছিল, কিন্তু বাস্তবে জামায়াত একক কর্তৃত্ব দেখাচ্ছে। তিনি জানান, জোটে নতুন দল এনসিপিকে ৩০টি আসন দেওয়ায় তারা আপত্তি জানিয়েছিলেন, কিন্তু সেই আপত্তি আমলে নেয়নি জামায়াত।

সব মিলিয়ে আসন বণ্টন ও রাজনৈতিক নীতিগত বিরোধে জামায়াত–চরমোনাই জোট ভেঙে গেল। এখন একক ব্যানারে নির্বাচনে মাঠে নামার প্রস্তুতি নিচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *