ইসলামী আন্দোলন না থাকায় জোটে এনসিপির আসন বাড়তে পারে

ইসলামী আন্দোলন বাংলাদেশ (ইআবি) জোটে না আসায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আরও ১০টি আসন পেতে পারে। এতে দলটি সারা দেশে মোট ৪০টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ পাবে। শুক্রবার (১৬ জানুয়ারি) এনসিপির একটি সূত্র এ তথ্য জানায়। তবে অতিরিক্ত আসনগুলোর তালিকা এখনো চূড়ান্ত হয়নি।

এর আগে জামায়াতের নেতৃত্বাধীন ১০ দলীয় জোটের আসন বণ্টনের তথ্য প্রকাশ হয়েছিল। তবে তখন ইসলামী আন্দোলন কয়টি আসনে লড়বে তা জানানো হয়নি। পরে ইসলামী আন্দোলন জোটে না আসায় নতুন করে আসন পুনর্বিন্যাস চলছে।

জোটের আগের সমঝোতা অনুযায়ী জামায়াতে ইসলামী ১৭৯টি, এনসিপি ৩০টি, বাংলাদেশ খেলাফত মজলিস ২০টি, খেলাফতে মজলিস ১০টি, লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি (এলডিপি) ৭টি, আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) ৩টি, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি (বিডিপি) ২টি এবং নেজামে ইসলাম পার্টি ২টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করার কথা ছিল।

এনসিপির ইতিমধ্যে চূড়ান্ত হওয়া ২৭টি আসন হলো—পঞ্চগড়-১, দিনাজপুর-৫, রংপুর-৪, কুড়িগ্রাম-২, নাটোর-৩, সিরাজগঞ্জ-৬, পিরোজপুর-৩, টাঙ্গাইল-৩, ময়মনসিংহ-১১, মুন্সিগঞ্জ-২, ঢাকা-৮, ঢাকা-৯, ঢাকা-১১, ঢাকা-১৮, ঢাকা-১৯, ঢাকা-২০, গাজীপুর-২, নরসিংদী-২, ব্রাহ্মণবাড়িয়া-২, কুমিল্লা-৪, নোয়াখালী-২, নোয়াখালী-৬, লক্ষ্মীপুর-১, চট্টগ্রাম-৮, বান্দরবান, নারায়ণগঞ্জ-৪ ও ব্রাহ্মণবাড়িয়া-৩।

সূত্র জানিয়েছে, নতুন বণ্টনে ইসলামী আন্দোলনের শূন্য হওয়া আসনগুলোর একটি অংশ এনসিপি পেতে পারে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত জোটের বৈঠকের পর জানা যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *