বিএনপি চেয়্যারম্যান তারেক রহমান বলেছেন, বাংলাদেশের মানুষ গণতন্ত্রের পথে হাঁটতে শুরু করেছে। তিনি বলেন, স্বৈরাচারের সময় যে মায়েরা সন্তান হারিয়েছেন, যে বোন স্বামী হারিয়েছেন— তাদের সান্ত্বনা দেওয়ার মতো কিছু নেই।
১৭ জানুয়ারি রাজধানীর চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে গুম–খুনে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের নিয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
তারেক রহমান বলেন, ষড়যন্ত্র করে বিএনপিকে কেউ দমিয়ে রাখতে পারবে না। গুম–খুন ও নিপীড়নের দায় রাষ্ট্র এড়াতে পারে না। তিনি জানান, বিএনপি সরকারে এলে গুম–খুনে নিহতদের স্মরণে সড়কের নামকরণসহ রাষ্ট্রীয়ভাবে মর্যাদা দেওয়া হবে।
তিনি আরও বলেন, গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত না হলে বিচার প্রতিষ্ঠা সম্ভব নয়। এজন্য সবাইকে সতর্ক থাকতে হবে, যাতে কোনো ষড়যন্ত্র না হয়।
সভাটি আয়োজন করে ‘আমরা বিএনপি পরিবার’ ও ‘মায়ের ডাক’। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, নিখোঁজ নেতা ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদীর লুনা, হুম্মাম কাদের চৌধুরী, আহ্বায়ক আতিকুর রহমান রুমনসহ অন্যান্য নেতাকর্মী ও গুম–খুনে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা।