লিবিয়ার মিসরাতা ফ্রি জোনে ২.৭ বিলিয়ন মার্কিন ডলারের একটি বড় বিনিয়োগ চুক্তি সই হতে যাচ্ছে। রোববার (১৮ই জানুয়ারী) রাজধানী ত্রিপলিতে এই চুক্তি সই হবে বলে সরকারি সূত্রে জানা গেছে। দেশটির অর্থনীতি পুনর্গঠন এবং আন্তর্জাতিক বাণিজ্যে নতুন করে অংশগ্রহণের প্রচেষ্টায় এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
চুক্তির আওতায় মিসরাতা ফ্রি জোনের অবকাঠামো উন্নয়ন, নতুন কন্টেইনার টার্মিনাল নির্মাণ এবং লজিস্টিক সক্ষমতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে। কাতার, ইতালি ও সুইজারল্যান্ডের বেশ কয়েকটি বড় বিনিয়োগকারী প্রতিষ্ঠান প্রকল্পে অংশ নিতে রাজি হয়েছে। পাশাপাশি লিবিয়ার জাতীয় পুনর্গঠন তহবিল ও আফ্রিকান এক্সপোর্ট-ইমপোর্ট ব্যাংক (Afreximbank) আর্থিক সহায়তা দেবে।
মধ্য লিবিয়ায় অবস্থিত মিসরাতা ফ্রি জোন দেশের অন্যতম কার্যকরী ফ্রি ট্রেড জোন। ভূমধ্যসাগর উপকূল হওয়ায় আফ্রিকা, ইউরোপ ও মধ্যপ্রাচ্যের বাজারের সঙ্গে বাণিজ্য বাড়ানোর সুবিধা রয়েছে। সরকার আশা করছে, এই বিনিয়োগের ফলে হাজারো নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে এবং স্থানীয় শিল্প ও সেবা খাতে প্রবৃদ্ধি আসবে।
বিশ্লেষকদের মতে, মিসরাতা প্রকল্প লিবিয়ার অর্থনীতি পুনরুদ্ধার প্রক্রিয়ায় ‘গুরুত্বপূর্ণ টার্নিং পয়েন্ট’ হিসেবে কাজ করতে পারে। সরকার ভবিষ্যতে আরও কয়েকটি ফ্রি জোন গড়ার পরিকল্পনার কথাও জানিয়েছে। পাশাপাশি আফ্রিকান কন্টিনেন্টাল ফ্রি ট্রেড এরিয়া (AfCFTA)-তে পূর্ণ সদস্যপদ নেয়ার লক্ষ্যে লিবিয়া আন্তর্জাতিক সহযোগিতা জোরদার করছে।
এই চুক্তি সফলভাবে কার্যকর হলে লিবিয়া উত্তর আফ্রিকার একটি উল্লেখযোগ্য বাণিজ্যিক হাবে পরিণত হতে পারে বলে আশা করা হচ্ছে।