ফেব্রুয়ারিতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ফুয়েল লোডিং

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এবং অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ শুক্রবার পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্প পরিদর্শন করেন। তিনি প্রকল্পের অগ্রগতি সরেজমিনে দেখেন এবং দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।

পরিদর্শনকালে তিনি প্রকল্পে কাজ করা প্রকৌশলী ও কর্মীদের সঙ্গে কথা বলেন এবং তাদের প্রচেষ্টা ও কর্মপ্রয়াসকে সাধুবাদ জানান। ড. সালেহউদ্দিন বলেন, দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র জাতীয় বিদ্যুৎ খাতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে এবং ক্রমবর্ধমান বিদ্যুৎ চাহিদা পূরণে বড় ভূমিকা রাখবে।

রোসাটমের প্রকৌশলীগণ জানান, রূপপুর প্রকল্পের ইউনিট-১ এ আগামী ফেব্রুয়ারি ২০২৬-এর শেষ নাগাদ ফুয়েল লোডিং সম্ভব হবে। এরপর মার্চ ২০২৬-এর শেষ দিকে ইউনিট-১ থেকে পরীক্ষামূলকভাবে প্রায় ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে আসবে বলে আশা করা হচ্ছে। ধাপে ধাপে ইউনিট-১ থেকে কার্যকরভাবে প্রায় ১,১৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহের লক্ষ্য রয়েছে। প্রকল্পটি শেষ পর্যায়ে পৌঁছেছে এবং আন্তর্জাতিক নিরাপত্তা ও প্রযুক্তিগত মান অনুসরণ করা হচ্ছে বলে প্রকল্প সংশ্লিষ্টরা জানান।

পরিদর্শনকালে মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ, অর্থ বিভাগের সচিব ড. মোঃ খায়েরুজ্জামান মজুমদার, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মোঃ শাহরিয়ার কাদের সিদ্দিকী, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেনসহ বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন, পরমাণু শক্তি কর্তৃপক্ষ ও প্রকল্প পরিচালকেরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *