বেস আইসোলেশন প্রযুক্তিতে ফায়ার সার্ভিসের নতুন সদর দপ্তরের নির্মাণ শুরু

দেশের দুর্যোগ মোকাবিলা এবং জরুরি পরিস্থিতিতে দ্রুত সাড়া দেওয়ার সক্ষমতা আরও বাড়াতে নতুন একটি উদ্যোগ গ্রহণ করেছে সরকার। “আরবান বিল্ডিং সেফটি প্রজেক্ট”-এর আওতায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের নতুন সদর দপ্তর নির্মাণকাজ ঢাকায় আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।

অনুষ্ঠানে জাইকা বাংলাদেশ অফিসের চিফ রিপ্রেজেন্টেটিভ মি. ইচিগুচি তোমোহিদে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। তিনি বলেন, ঢাকাসহ আশেপাশের এলাকায় সাম্প্রতিক সময়ে ভূমিকম্পের ঝুঁকি বেড়েছে। এমন পরিস্থিতিতে দুর্যোগ-সহনশীল ভবন এবং জরুরি সেবা দ্রুত পৌঁছে দেওয়ার সক্ষমতা অত্যন্ত জরুরি হয়ে উঠেছে।

এই প্রকল্পের বড় বৈশিষ্ট্য হলো—নতুন সদর দপ্তর ভবনটি বাংলাদেশের প্রথম “বেস আইসোলেশন” প্রযুক্তিতে নির্মিত হবে। উন্নত এই প্রযুক্তির ফলে শক্তিশালী ভূমিকম্প হলেও ভবনটি কাঁপনের প্রভাব থেকে আলাদা থাকবে এবং কার্যক্রম সচল থাকবে। ফলে দুর্যোগের মুহূর্তেও ফায়ার সার্ভিস সাড়া দিতে পারবেন কোনো বিঘ্ন ছাড়াই।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বলছে, ভবনটি তৈরি হলে জরুরি সাড়া ব্যবস্থা আরও আধুনিক হবে এবং বিভিন্ন দুর্যোগ মোকাবিলায় সময় ও সক্ষমতা দুটিই বাড়বে।

জাপান ও বাংলাদেশের দীর্ঘমেয়াদী সহযোগিতা এবং দুর্যোগ ব্যবস্থাপনায় অভিজ্ঞতা বিনিময় ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করা হয় অনুষ্ঠানে।

নতুন সদর দপ্তর ভবনটি নির্মাণ শেষ হলে ঢাকার নিরাপত্তা কাঠামো কিছুটা হলেও উন্নত হবে—এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *