মাগুরার মহম্মদপুর উপজেলায় খেলাধুলার সময় ভুল করে ইঁদুর মারার বিষ খেয়ে একই পরিবারের তিন শিশু অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুরে উপজেলার বিনোদপুর ইউনিয়নের কালুকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।
অসুস্থ শিশুরা হলো— কালুকান্দি গ্রামের মুরাদের ছেলে মিনহাজ (৩) ও মেয়ে সিনহা (৩) এবং মুরাদের ভাই ফরহাদের ছেলে সাকিমুন (২.৫)। তারা সম্পর্কে চাচাতো ভাই-বোন।
পরিবার ও স্থানীয় সূত্র জানায়, বেলা ১২টার দিকে বাড়ির উঠানে খেলার সময় শিশুরা ঘরে রাখা দানাদার ইঁদুরনাশক খাবার ভেবে খেয়ে ফেলে। কিছুক্ষণ পর আচরণ পরিবর্তন ও কান্নাকাটি দেখে পরিবারের সদস্যরা বিষয়টি বুঝতে পারেন।
পরে দ্রুত শিশুদের মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক ডা. জিএম ফরহাদ জানান, শিশুদের পাকস্থলী পরিষ্কার করা হয়েছে এবং তাদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।
ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। চিকিৎসকরা জানান, বাড়িতে বিষ বা কীটনাশকজাত দ্রব্য রাখার ক্ষেত্রে অভিভাবকদের আরও সতর্ক থাকা প্রয়োজন, যাতে এ ধরনের দুর্ঘটনা এড়ানো যায়।