সরস্বতী পূজা : প্রতিমা তৈরিতে ব্যস্ত মৃৎশিল্পীরা

বিদ্যার দেবী সরস্বতীর পূজা অনুষ্ঠিত হবে আগামী শুক্রবার (২৩ জানুয়ারি)। এ পূজাকে কেন্দ্র করে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে চলে প্রস্তুতির ব্যস্ততা। বিশেষত প্রতিমা তৈরির কাজে এখন দম ফেলার সময় নেই স্থানীয় মৃৎশিল্পীদের।

নগরীর ঠাকুর পাড়া কালীগাছতলা ও মনোহরপুর শ্রী শ্রী রাজরাজেশ্বরী কালী মায়ের বাড়ীতে গিয়ে দেখা যায়— প্রতিদিন সকাল থেকে মধ্যরাত পর্যন্ত রংতুলির আঁচড়ে সরস্বতী প্রতিমা সাজাতে ব্যস্ত সময় পার করছেন কারিগররা। তারা জানান, এবছর প্রায় ৮০টি প্রতিমা তৈরি করা হয়েছে। প্রতিমার দাম সর্বনিম্ন এক হাজার থেকে সর্বোচ্চ দশ হাজার টাকা পর্যন্ত।

সরস্বতী পূজাকে ঘিরে সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে বাড়িতে তৈরি করা হয়েছে অস্থায়ী মন্দির। পাশাপাশি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানেও চলছে পূজার প্রস্তুতি। শিক্ষার্থীদের মধ্যে রয়েছে বিপুল উৎসাহ-উদ্দীপনা।

কুমিল্লা মর্ডান হাই স্কুলের সপ্তম শ্রেণীর শিক্ষার্থী অর্পিতা সরকার বলেন, “প্রতি বছরই বিদ্যার জন্য দেবীর কাছে প্রার্থনা করি। এবারও দেবীর কাছে বিদ্যা, দেশ ও জাতির মঙ্গল কামনা করবো।”

বাংলাদেশ আইনজীবী ঐক্য পরিষদ কুমিল্লা ইউনিটের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তাপস চন্দ্র সরকার বলেন, শুক্রবার জেলার বিভিন্ন স্কুল-কলেজ, বিশ্ববিদ্যালয়, পাড়া-মহল্লা ও বাসাবাড়িতে উদযাপিত হবে সরস্বতী পূজা। তিনি জানান, এ বছর পঞ্চমী তিথি শুরু হবে ২২ জানুয়ারি বৃহস্পতিবার রাত ২টা ০৭মিনিট ৪৮ সেকেন্ডে এবং শেষ হবে ২৩ জানুয়ারি শুক্রবার রাত ১২টা ৫৭মিনিট ৩৬ সেকেন্ডে। এই সময়ের মধ্যেই অনুষ্ঠিত হবে পূজা ও অর্চনা।

তিনি আশা প্রকাশ করেন— কোনো ধরনের বাধা-বিপত্তি ছাড়াই প্রতিটি স্থানে শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে সরস্বতী পূজা। পূজার দিন সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীরা বিদ্যালাভের আশায় দেবীর চরণে পুষ্পাঞ্জলি দেবেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *