কুষ্টিয়ার দৌলতপুরে শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬ উপলক্ষে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের যৌথ আয়োজনে বুধবার (২১শে জানুয়ারী) উপজেলা কনফারেন্স রুমে এ অনুষ্ঠান হয়।
অনুষ্ঠানে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ফারুক আহমেদ সভাপতিত্ব করেন। প্রধান অতিথি ছিলেন দৌলতপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রদীপ কুমার দাশ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৌলতপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ও বিডিএস মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইয়াকুব আলী, দৌলতপুর পাইলট সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইয়ার আলী, উপজেলা স্কাউট সম্পাদক ও প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ, পি এস এস মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাকিবুল ইসলাম এবং দৌলতপুর দাখিল মাদ্রাসার সুপার মেহেদি হাসান।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার প্রধান শিক্ষক, শিক্ষক এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। পুরো অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার কামাল হোসেন।
বক্তারা বলেন, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা, সহশিক্ষা ও স্কাউটিং কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। প্রধান অতিথির বক্তব্যে সহকারী কমিশনার (ভূমি) প্রদীপ কুমার দাশ বলেন, মানসম্মত শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিকতা, শৃঙ্খলা ও নেতৃত্বের গুণাবলি গড়ে তুলতে এসব কার্যক্রমের বিকল্প নেই। তিনি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে সহশিক্ষা কার্যক্রমে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান।
সভাপতির বক্তব্যে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ফারুক আহমেদ জানান, জাতীয় শিক্ষা সপ্তাহের লক্ষ্য হলো শিক্ষার মানোন্নয়ন, শিক্ষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং শিক্ষার্থীদের মধ্যে সুস্থ প্রতিযোগিতার পরিবেশ সৃষ্টি করা।
আলোচনা শেষে জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬ উপলক্ষে শ্রেষ্ঠত্ব অর্জনকারী প্রতিষ্ঠান ও ব্যক্তিদের নাম ঘোষণা করা হয়। এর মধ্যে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে নির্বাচিত হয় দৌলতপুর পাইলট সরকারি মাধ্যমিক বিদ্যালয় এবং শ্রেষ্ঠ মাদ্রাসা হয় দৌলতপুর দাখিল মাদ্রাসা।
শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত হন মো. ইয়াকুব আলী এবং শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান (মাদ্রাসা) নির্বাচিত হন মেহেদী হাসান। স্কাউটিং কার্যক্রমে বিশেষ অবদানের জন্য শ্রেষ্ঠ স্কাউট শিক্ষক নির্বাচিত হন মিজানুর রহমান, শ্রেষ্ঠ স্কাউট মেজবাহ উর রহমান এবং শ্রেষ্ঠ স্কাউট গ্রুপ হয় পি এস এস মাধ্যমিক বিদ্যালয়।
পরে শিক্ষাবিষয়ক ও ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার ও সম্মাননা ক্রেস্ট তুলে দেন অতিথিরা। অনুষ্ঠানটি শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।