উন্নয়ন ও নীতি নির্ভর রাজনীতি হবে দেশের অগ্রগতির পথ : তারেক রহমান

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বুধবার (২১ জানুয়ারি ২০২৬) ঢাকার গুলশানে তাঁর কার্যালয়ে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময়কালে বলেন, রাজনীতি হবে পলিসি নির্ভর। পারস্পরিক কাদাছোড়াছুড়ির পরিবর্তে দেশের উন্নয়ন ও সমস্যা সমাধানে নীতি নির্ধারণ ও বাস্তবায়ন নিয়ে গঠনমূলক আলোচনা প্রয়োজন।

ডিআরইউ সভাপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেলের নেতৃত্বে কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। বিএনপি চেয়ারম্যনের সঙ্গে সাক্ষাতে উপস্থিত ছিলেন সালেহ শিবলী, আতিকুর রহমান রুমন, মেহেদী আজাদ মাসুম, মো: জাফর ইকবাল, নিয়াজ মাহমুদ সোহেল, এম এম জসিম, রাশিম মোল্লা, মিজান চৌধুরী, মাহমুদ সোহেল, ওমর ফারুক রুবেল, মো. মনোয়ার হোসেন, আমিনুল হক ভূঁইয়া, রফিক মৃধা, মো. আকতার হোসেন, আলী আজম, মাহফুজ সাদি, আল-আমিন আজাদ, সুমন চৌধুরী এবং মো: মাজাহারুল ইসলাম।

তারেক রহমান বলেন, বিএনপি দেশের নাগরিক সমস্যা সমাধানে বিশেষজ্ঞদের মতামতকে গুরুত্ব দেবে। ঢাকাকে একটি বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তোলা, যানজট কমানো, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি উৎপাদন এবং অর্থনৈতিক ভিত্তি শক্তিশালী করার পরিকল্পনা বাস্তবায়নের কথাও তিনি তুলে ধরেন।

ঢাকার চারপাশে স্যাটেলাইট সিটি গড়ে তোলার পরিকল্পনার কথা উল্লেখ করে তিনি বলেন, এসব শহরের সঙ্গে ঢাকার ট্রেন যোগাযোগ থাকবে, যেখানে ৪৫ মিনিট থেকে এক ঘণ্টার মধ্যে যাতায়াত সম্ভব হবে। পুরান ঢাকাকে আরও বাসযোগ্য করার পরিকল্পনাও তিনি শেয়ার করেন।

বুড়িগঙ্গা নদীকে লন্ডনের টেমস নদীর আদলে গড়ে তোলার পরিকল্পনার কথা উল্লেখ করে তিনি বলেন, নদীর তলদেশ থেকে পলিথিন সরিয়ে দুই ফিট খনন করলে নদী আগের অবস্থায় ফিরে আসবে।

তিনি আরও বলেন, সরকার গঠনের সুযোগ পেলে কৃষি ব্যবস্থার উন্নয়ন করে দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করা হবে। বাংলাদেশকে মানবিক রাষ্ট্রে পরিণত করার কথাও জানান তিনি।

তারেক রহমান ফ্যামিলি কার্ড ও কৃষি কার্ড চালুর কথাও উল্লেখ করেন। বলেন, দরিদ্র পরিবারের সদস্যরাই মূলত এই সুবিধা পাবেন। এছাড়া সাংবাদিকদের স্বাধীনতা ও সুরক্ষায় সরকার কাজ করবে বলেও আশ্বাস দেন তিনি।

ডিআরইউ’র কার্যনির্বাহী কমিটির প্রতি প্রশংসা জানিয়ে বলেন, সাংবাদিকরা কোনও দলকে সমর্থন করলেও কর্মক্ষেত্রে তা প্রতিফলিত না করার ক্ষেত্রে ডিআরইউ নজির স্থাপন করেছে। সাক্ষাৎ শেষে ডিআরইউ চেয়ারম্যান ও সাধারণ সম্পাদক তাকে পারিবারিক মিলন মেলায় সপরিবারে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *