মাননীয় প্রধান উপদেষ্টার সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ, ২০২৬’ অনুমোদন দেওয়া হয়েছে। এই অধ্যাদেশের মাধ্যমে ঢাকার সাতটি সরকারি কলেজ—ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, সরকারি বাংলা কলেজ এবং সরকারি তিতুমীর কলেজ—একটি একত্রিত একাডেমিক কাঠামোর আওতায় পরিচালিত হবে।
নতুন এই সংযুক্ত বিশ্ববিদ্যালয়ের লক্ষ্য হলো উচ্চশিক্ষার মান উন্নয়ন এবং দীর্ঘদিনের প্রশাসনিক জট কমানো। কলেজগুলো তাদের নিজস্ব পরিচয়, অবকাঠামো এবং সম্পত্তির ওপর অধিকার অক্ষুণ্ণ রাখবে।
বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কাঠামোয় থাকবে আচার্য, উপাচার্য, সিনেট, সিন্ডিকেট ও একাডেমিক কাউন্সিল। আচার্য হিসেবে মহামান্য রাষ্ট্রপতি দায়িত্ব পালন করবেন এবং উপাচার্যকে সিনেট মনোনীত প্যানেল থেকে নিয়োগ দেওয়া হবে। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) শিক্ষা, পরীক্ষা, গবেষণা ও প্রশাসনিক কার্যক্রম তদারকি ও নির্দেশনার দায়িত্ব পাবেন।
কলার, বিজ্ঞান, সমাজবিজ্ঞান, ব্যবসায় শিক্ষা, আইন ও চারুকলা সহ বিভিন্ন বিষয়ের জন্য পৃথক স্কুল থাকবে, যেখানে ‘হেড অব স্কুল’ দায়িত্বে থাকবেন। স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের পাঠদান, পরীক্ষা ও মূল্যায়ন সব কলেজে অভিন্ন সময়সূচি ও কাঠামোর ভিত্তিতে হবে।
ভর্তি প্রক্রিয়া হবে কেন্দ্রীয়ভাবে, যেখানে এসএসসি ও এইচএসসি ফলাফল এবং কেন্দ্রীয় ভর্তি পরীক্ষার ভিত্তিতে শিক্ষার্থীরা মূল ক্যাম্পাস বা সংযুক্ত কলেজে ভর্তি হবেন। কলেজগুলোতে এমফিল ও পিএইচডি প্রোগ্রাম, শিক্ষক উন্নয়ন ও উচ্চতর প্রশিক্ষণের সুযোগও থাকবে।
অধ্যাদেশে আবাসিক হল, ছাত্র সংসদ নির্বাচন এবং সহপাঠ্যক্রমিক কার্যক্রম চালুর বিশেষ বিধান রাখা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাস নির্মাণ না হওয়া পর্যন্ত সাময়িক ক্যাম্পাসে কার্যক্রম চলবে। সকল শিক্ষার্থীর জন্য বৈষম্যহীন ভর্তি ও ডিগ্রি অর্জনের সুযোগ নিশ্চিত করা হয়েছে।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ মনে করছে, এই অধ্যাদেশ রাজধানীর সাত কলেজের দীর্ঘমেয়াদি প্রশাসনিক জট কমাতে এবং উচ্চশিক্ষার ক্ষেত্রে একটি সমন্বিত, আধুনিক ও গবেষণা-সমৃদ্ধ পরিবেশ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ইউজিসি নিয়মিতভাবে শিক্ষা ও গবেষণার মান নিশ্চিত করবে।
বিশ্ববিদ্যালয় অনুমোদনের এই পদক্ষেপ ঢাকার উচ্চশিক্ষা ব্যবস্থায় একটি নতুন ধারা শুরু করেছে, যা দেশের শিক্ষার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হবে।