বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সাম্প্রতিক মন্তব্যকে “দায়িত্বজ্ঞানহীন ও ভিত্তিহীন” বলে প্রত্যাখ্যান করেছে ঢাকাস্থ চীনা দূতাবাস। বৃহস্পতিবার (২২শে জানুয়ারী) দূতাবাসের অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া একটি বিবৃতিতে এ প্রতিবাদ জানানো হয়।
চীনা দূতাবাস জানায়, মার্কিন রাষ্ট্রদূত সম্প্রতি দক্ষিণ এশিয়ায় চীনের প্রভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এবং বাংলাদেশকে চীনের সঙ্গে কিছু ক্ষেত্রে সহযোগিতার ঝুঁকি সম্পর্কে সতর্ক করেছেন। দূতাবাসের ভাষ্য, এ ধরনের মন্তব্য “সম্পূর্ণ বিভ্রান্তিকর” এবং “অসৎ উদ্দেশ্যপ্রণোদিত”।
বিবৃতিতে বলা হয়, কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার পর গত ৫০ বছরে চীন ও বাংলাদেশ পারস্পরিক সমর্থন, সমতা ও জয়-জয় সহযোগিতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিয়েছে। এই সহযোগিতা দুই দেশের জনগণের বাস্তব উপকারে এসেছে এবং ব্যাপক জনসমর্থন রয়েছে। একই সঙ্গে আঞ্চলিক উন্নয়ন ও স্থিতিশীলতায়ও ইতিবাচক ভূমিকা রাখছে।
দূতাবাস আরও জানায়, চীন–বাংলাদেশ সহযোগিতা দুই দেশের সরকার ও জনগণের নিজস্ব বিষয়। এতে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ বা নির্দেশ দেওয়ার অবকাশ নেই।
চীনা দূতাবাস যুক্তরাষ্ট্রকে দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানিয়ে বলে, বাংলাদেশের স্থিতিশীলতা, আঞ্চলিক উন্নয়ন এবং সহযোগিতার পক্ষে সহায়ক পদক্ষেপে মনোযোগ দেওয়া উচিত যুক্তরাষ্ট্রের ।