‘ইনসাফ-ভিত্তিক সমাজ’ গড়তে ১০ দল একসঙ্গে কাজ করবে : নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, আগামী দিনে ১০ দল ঐক্যবদ্ধভাবে ইনসাফ-ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করবে।

শুক্রবার (২৩ জানুয়ারি) সকালে রাজধানীর ভাটারার বাঁশতলায় নির্বাচনি প্রচারণার অংশ হিসেবে গণমিছিলের আগে আয়োজিত সমাবেশে তিনি এ কথা বলেন।

নাহিদ ইসলাম অভিযোগ করেন, আসন্ন জাতীয় নির্বাচনে ১০ দলীয় জোটের গণজোয়ার দেখে একটি বড় দল ভয় পেয়েছে। এজন্য তারা বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে এবং আতঙ্ক সৃষ্টির চেষ্টা করছে।

তিনি বলেন, ঢাকা-১১ আসনে চাঁদাবাজ ও ভূমিদস্যুদের কোনও স্থান হবে না। যারা ভোটকেন্দ্র দখলের চেষ্টা করবে, তাদের প্রতিহত করা হবে। ‘আমরা বন্দুকের গুলি খেয়েও পিছু হটিনি, কেন্দ্র থেকেও পিছু হটবো না’।

নাহিদ ইসলাম আরও বলেন, ‘গণঅভ্যুত্থান হয়েছে ফ্যাসিবাদ সরিয়ে ইনসাফের বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য। এত মানুষের আত্মত্যাগ সে লক্ষ্যেই।’

ঢাকা-১১ আসনের বিভিন্ন সমস্যা তুলে ধরে তিনি বলেন, ‘এই এলাকায় ট্রাফিক সমস্যা, চাঁদাবাজি ও ভূমিদস্যু রয়েছে। সরকার গঠন করে এগুলো থেকে মানুষকে মুক্ত করা হবে।’

সমাবেশ থেকে তিনি সারাদেশে ১০ দলীয় জোটের প্রার্থীদের বিজয়ী করার পাশাপাশি গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানান।

সমাবেশে এনসিপি ও জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য রাখেন। পরে রামপুরার দিকে গণমিছিল শুরু হয়।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *