সিলেট থেকে নারায়ণগঞ্জ : ধানের শীষ ও শরিকদের পক্ষে ভোট চাইলেন তারেক রহমান

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে মাঠপর্যায়ের প্রচারণা শুরু করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। নির্বাচনী প্রচারের প্রথম দিনেই টানা ১৬ ঘণ্টায় সিলেট থেকে নারায়ণগঞ্জ পর্যন্ত সাতটি জেলায় জনসমাবেশে বক্তব্য দেন তিনি। এসব সমাবেশে বিএনপির প্রতীক ধানের শীষের পাশাপাশি আসন সমঝোতায় থাকা শরিকদের প্রার্থীদের পক্ষেও ভোট চান তিনি।

২২ জানুয়ারি (বৃহস্পতিবার) দুপুর ১২টায় সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে প্রথম নির্বাচনী সমাবেশের মধ্য দিয়ে তার প্রচার অভিযান শুরু হয়। এরপর একই দিনে বিকেল ৩টায় মৌলভীবাজার, সন্ধ্যা সোয়া ৬টায় হবিগঞ্জ এবং রাত সাড়ে ১০টায় ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় সমাবেশ করেন তিনি।

রাত সোয়া ১২টার দিকে কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় আরেকটি সমাবেশে বক্তব্য রাখেন বিএনপির চেয়ারম্যান। এরপর রাত ৩টার দিকে নরসিংদীর পৌর পার্কসংলগ্ন মাঠে এবং ভোররাত ৪টা ১৬ মিনিটে নারায়ণগঞ্জের রূপগঞ্জ গাউসিয়া এলাকায় প্রথম দিনের শেষ জনসমাবেশ করেন তিনি। সমাবেশ শেষে তিনি ঢাকার উদ্দেশে রওনা হন।

সমাবেশগুলোর বক্তব্যে তিনি বিএনপি সরকার গঠন করতে পারলে সারাদেশে খাল খনন কর্মসূচি বাস্তবায়ন, ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড চালু এবং বেকার যুবকদের প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টির প্রতিশ্রুতি দেন। এছাড়া ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানী ভাতা চালুর ঘোষণাও দেন তিনি। শেষ দিকের কয়েকটি সমাবেশে ভোররাত পর্যন্ত নেতাকর্মীদের অপেক্ষা করানোর জন্য দুঃখ প্রকাশ করেন তারেক রহমান।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, প্রথম দিনের প্রচারণা শেষে তারেক রহমান বাসায় ফিরেছেন। তিনি বলেন, নারায়ণগঞ্জের শেষ সমাবেশ শেষে ভোররাতের কিছু সময় পর তিনি ঢাকার উদ্দেশে রওনা হন।

বিএনপির পক্ষ থেকে জানানো হয়, সিলেট থেকে নারায়ণগঞ্জ পর্যন্ত জনসমাবেশগুলোতে বিপুলসংখ্যক মানুষের উপস্থিতি ছিল। দলটির পক্ষ থেকে আরও বলা হয়, শুক্রবার তারেক রহমান নিজ নির্বাচনী এলাকা ঢাকা-১৭–এর ভাসানটেকের বিআরবি মাঠে সমাবেশে বক্তব্য দেবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *