স্টকহোম, ৭ অক্টোবর: এ বছর পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার পেয়েছেন ব্রিটেনের জন ক্লার্ক, ফ্রান্সের মিশেল এইচ. দেভরেট এবং যুক্তরাষ্ট্রের জন এম. মার্টিনিস। মঙ্গলবার রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস এ ঘোষণা দেয়।
নোবেল কমিটি জানায়, বৈদ্যুতিক সার্কিটে ম্যাক্রোস্কোপিক কোয়ান্টাম মেকানিক্যাল টানেলিং ও শক্তি পরিমাপের আবিষ্কারের জন্য তাদের এ পুরস্কারে ভূষিত করা হয়েছে।
কোয়ান্টাম মেকানিক্স ব্যাখ্যা করে কীভাবে অতিক্ষুদ্র স্তরে পদার্থের আচরণ ভিন্ন হয়। উদাহরণ হিসেবে বলা হয়, সাধারণ বল দেয়ালে আঘাত করলে ফিরে আসে, কিন্তু কোয়ান্টাম স্তরে একটি কণা দেয়াল অতিক্রম করেও যেতে পারে—যা ‘টানেলিং’ নামে পরিচিত।
১৯৮০-এর দশকে পরিচালিত গবেষণায় তিন বিজ্ঞানী দেখান, সুপারকন্ডাক্টর ব্যবহার করে বহু কণার পারস্পরিক জড়িত অবস্থায় ম্যাক্রোস্কোপিক স্কেলে কোয়ান্টাম টানেলিং পর্যবেক্ষণ সম্ভব।
রয়্যাল সুইডিশ একাডেমি এক বিবৃতিতে জানায়, এই আবিষ্কার প্রমাণ করে যে কোয়ান্টাম জগতের অদ্ভুত বৈশিষ্ট্যগুলো বাস্তব ও বড় ব্যবস্থায় প্রয়োগযোগ্য। এতে ভবিষ্যতের কোয়ান্টাম প্রযুক্তি, কোয়ান্টাম ক্রিপ্টোগ্রাফি, কোয়ান্টাম কম্পিউটার ও কোয়ান্টাম সেন্সর উন্নয়নের পথ উন্মুক্ত হয়েছে।
নোবেল পদার্থবিজ্ঞান কমিটির চেয়ারম্যান ওলে এরিকসন বলেন, “এক শতাব্দী পুরনো কোয়ান্টাম মেকানিক্সের নতুন বিস্ময় উদযাপনের এটি এক অনন্য মুহূর্ত। আধুনিক সব ডিজিটাল প্রযুক্তির মূলেই রয়েছে কোয়ান্টাম পদার্থবিজ্ঞান।”
৮৩ বছর বয়সী জন ক্লার্ক ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের বার্কেলির অধ্যাপক, ৭২ বছর বয়সী মিশেল দেভরেট ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের সান্তা বারবারা ও ইয়েল বিশ্ববিদ্যালয়ের এমেরিটাস অধ্যাপক, আর ১৯৫৮ সালে জন্ম নেওয়া জন মার্টিনিসও সান্তা বারবারারই অধ্যাপক।
পুরস্কার ঘোষণার পর ক্লার্ক প্রতিক্রিয়ায় বলেন, “এটি আমার জীবনের বিস্ময়কর এক ঘটনা। আমরা কখনও ভাবিনি, এই গবেষণা নোবেল পুরস্কার পর্যন্ত পৌঁছাবে।”
উল্লেখ্য, গতকাল সোমবার চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেয়েছেন মার্কিন গবেষক ম্যারি ই. ব্রাঙ্কো, ফ্রেড রামসডেল ও জাপানি বিজ্ঞানী শিমন সাকাগুচি। আগামীকাল ঘোষণা হবে রসায়নের, বৃহস্পতিবার সাহিত্যের, শুক্রবার শান্তির এবং আগামী মঙ্গলবার অর্থনীতির নোবেল বিজয়ীদের নাম।
সব পুরস্কার আগামী ১০ ডিসেম্বর সুইডেনের স্টকহোমে আয়োজিত অনুষ্ঠানে রাজা কার্ল ষোড়শ গুস্তাফের হাত থেকে গ্রহণ করবেন বিজয়ীরা। নোবেল পুরস্কারের অর্থমূল্য ১২ লাখ মার্কিন ডলার, যা একাধিক বিজয়ী হলে ভাগাভাগি করে নেওয়া হয়।