জাতীয় অ্যামেচার র‌্যাংকিং গলফ টুর্নামেন্ট অনুষ্ঠিত

ঢাকা, ৮ অক্টোবর — বাংলাদেশ গলফ ফেডারেশন আয়োজিত জাতীয় অ্যামেচার র‌্যাংকিং টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছেন সৈনিক আবু বকর সিদ্দিক ও সৈনিক সোনিয়া আক্তার। তিন দিনব্যাপী এই প্রতিযোগিতায় দেশের ১৭টি গলফ ক্লাবের ৭২ জন অ্যামেচার গলফার অংশ নেন।

পুরুষ এককে আবু বকর সিদ্দিক পারের চেয়ে ৫ শট বেশি খেলে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন। অন্যদিকে নারী এককে বাজিমাত করেন সোনিয়া আক্তার।

মঙ্গলবার (৭ অক্টোবর) বিকাল সাড়ে চারটায় কুর্মিটোলা গলফ ক্লাবে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বাংলাদেশ গলফ ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির সদস্য ও টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আনিসুজ্জামান, বীর প্রতীক। বিশেষ অতিথি ছিলেন ফেডারেশনের অর্গানাইজিং কমিটির ভাইস চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. সানাউল হক।

শিরোপা জয়ের পর আবু বকর সিদ্দিক বলেন, “আমার স্বপ্ন অনেক বড় গলফার হওয়া। এরপর আমি পেশাদার হব। তখন যেন বাংলাদেশের পতাকা বহন করতে পারি।”

নারী এককে চ্যাম্পিয়ন সোনিয়া আক্তার জানান, “খুবই ভালো লাগছে। যেকোনো শিরোপা জয়ই আনন্দের, তবে র‌্যাংকিং টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়া আমার জন্য বড় প্রাপ্তি।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *