কুষ্টিয়ার দৌলতপুরে ‘জয় বাংলা’ বলা কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। রোববার (২৫শে জানুয়ারী) রাত সাড়ে ৯টার দিকে গার্লস কলেজ মোড় সংলগ্ন মাস্টারপাড়া সড়কে এ ঘটনা ঘটে। এতে অন্তত ৭ জন আহত হন।
আহতদের মধ্যে শীতলাইপাড়া গ্রামের ফজলুল হকের ছেলে রাজন, তোফাজ্জেল হোসেনের ছেলে মাসুম পারভেজ রতন, মাদার আলীর ছেলে রাজিব, আনারুল ইসলামের ছেলে মিঠুন এবং অপরপক্ষের আলাউদ্দিন আলীর দুই ছেলে ইমন-আশিক ও আরশেদ আলীর ছেলে মিন্টু রয়েছেন।
আহত ৭ জনকে দৌলতপুর হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসকরা তাদের মধ্যে ৪ জনকে আশঙ্কাজনক অবস্থায় কুষ্টিয়া সদর হাসপাতালে রেফার্ড করেন। বাকিরা দৌলতপুরেই চিকিৎসা নিচ্ছেন।
শীতলাইপাড়ার আহত মিঠুন অভিযোগ করেন, “গার্লস কলেজ মোড়ে সন্ধ্যার পর ইমন-আশিকরা ‘জয় বাংলা’ স্লোগান দেয়। খবর পেয়ে প্রতিবাদ করতে গেলে তারা হাতকুড়াল, রামদা ও লোহার স্টিক নিয়ে আমাদের ওপর হামলা চালায়।”
অপরপক্ষের আহত মিন্টুর দাবি ভিন্ন। তিনি বলেন, “আমার দুই ভাগ্নিকে রতনরা মারধর করলে ডেকে বিষয় জানতে চাই। তখন তারাই আমাদের ওপর চড়াও হয়ে কুপিয়ে জখম করে।” রাজনৈতিক পরিচয় নিয়ে প্রশ্ন করলে তিনি জানান, “তারা বিএনপি করে, আমরাও বিএনপি করি।”
এ বিষয়ে দৌলতপুর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মন্টি সরকার বলেন, “জয় বাংলা বলা কেন্দ্র করে এমন ন্যাক্কারজনক ঘটনা কোনভাবেই সমর্থনযোগ্য নয়। সঠিক তদন্তের মাধ্যমে দোষীদের আইনের আওতায় আনা উচিত।”
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, “দুই পক্ষের সংঘর্ষে কয়েকজন আহত হয়েছে। এখন পর্যন্ত কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।” তিনি জানান, এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি শান্ত রয়েছে।