শিল্পচর্চাকে কেন্দ্র করে কুমিল্লায় একদল তরুণের স্বপ্ন থেকে গড়ে ওঠা অধুনা থিয়েটার এবার ৩৫ বছরে পা দিল। সময়ের পথ পার হয়ে নাটক, প্রশিক্ষণ, সেমিনারসহ নানা আয়োজনের মধ্য দিয়ে দলটি নিজেদের সমৃদ্ধ করেছে এবং নতুন প্রজন্মের মধ্যে সৃষ্টিশীলতার আলো ছড়িয়ে যাচ্ছে।
বর্ষপূর্তি উপলক্ষে ২৭ জানুয়ারি মঙ্গলবার বিকেলবেলা কবি নজরুল ইনস্টিটিউট কেন্দ্র কুমিল্লায় আয়োজন করা হয়েছে নাচ, গান, আবৃত্তি, পিঠাপুলি আপ্যায়ন, আপনজন সম্মাননা এবং আলাপচারিতায় সাজানো একটি মনোজ্ঞ অনুষ্ঠান। এতে সংগঠনের বন্ধু, শুভাকাঙ্ক্ষী ও সহযোগীদের উপস্থিত থাকার কথা রয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন অধুনা থিয়েটারের সভাপতি অধ্যক্ষ কবির আহমেদ। স্বাগত বক্তব্য দেবেন প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন পর্ষদের আহ্বায়ক জাহাঙ্গীর হোসেন মৈশান। সংগঠন বিষয়ে বক্তব্য রাখবেন প্রতিষ্ঠাতা সভাপতি এডভোকেট শহীদুল হক স্বপন। শুভেচ্ছা বক্তব্য রাখবেন অধুনা থিয়েটারের সাধারণ সম্পাদক আবুল কাশেম।
সংগঠনের সংশ্লিষ্টরা জানান, প্রতিষ্ঠালগ্ন থেকে অধুনা থিয়েটার কুমিল্লায় নাট্যচর্চার ক্ষেত্রকে সমৃদ্ধ করতে কাজ করছে। নতুন প্রজন্মকে সাংস্কৃতিক কর্মকাণ্ডে যুক্ত করাই মূল লক্ষ্য।
দীর্ঘ যাত্রায় অধুনা থিয়েটার নিজেদের জন্য যেমন একটি পরিচয় তৈরি করেছে, তেমনি স্থানীয় সাংস্কৃতিক পরিমণ্ডলকেও করেছে সক্রিয় ও প্রাণবন্ত। ৩৫ বছরের এই পথচলার স্মৃতি, সাফল্য ও ভবিষ্যৎ পরিকল্পনাকে ঘিরেই এবারের অনুষ্ঠানকে বিশেষভাবে অর্থবহ করতে চান আয়োজকেরা।