বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতি নিয়ে মন্তব্য করেছেন ভারতের রাজ্যসভার সদস্য ও সাবেক পররাষ্ট্রসচিব হর্ষবর্ধন শ্রিংলা। তার এই মন্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
রোববার (২৫ জানুয়ারি) দলের সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার এক বিবৃতি দিয়ে এ প্রতিক্রিয়া জানান।
বিবৃতিতে তিনি বলেন, একটি স্বাধীন রাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতি, নির্বাচন-প্রক্রিয়া এবং নিবন্ধিত রাজনৈতিক দল সম্পর্কে শ্রিংলার মন্তব্য আন্তর্জাতিক কূটনৈতিক শিষ্টাচার ও পররাষ্ট্র নীতির পরিপন্থী। বিশেষ করে একজন সাবেক কূটনীতিক ও বর্তমান সংসদ সদস্যের কাছ থেকে এমন মন্তব্য গ্রহণযোগ্য নয় বলে তিনি উল্লেখ করেন।
মিয়া গোলাম পরওয়ার অভিযোগ করেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী নিয়ে শ্রিংলা যে মন্তব্য করেছেন তা উদ্দেশ্যপ্রণোদিত ও তথ্যবিকৃত। তিনি বলেন, জনগণ কাকে ভোট দেবে তা সম্পূর্ণ বাংলাদেশের জনগণের এখতিয়ার। কোনো বিদেশি রাজনীতিবিদের এ বিষয়ে মন্তব্য করা অনভিপ্রেত।
তার ভাষায়, বাংলাদেশের নির্বাচন পদ্ধতি ও ভোটের সম্ভাবনা নিয়ে মন্তব্য করে শ্রিংলা গণতান্ত্রিক প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করেছেন এবং দুই দেশের কূটনৈতিক সৌহার্দ্য ক্ষুণ্নের চেষ্টা করেছেন। তিনি দাবি করেন, জামায়াত একটি নিবন্ধিত ও গণতান্ত্রিক রাজনৈতিক দল এবং অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে জনগণই প্রকৃত রায় দেবে।
শেষে তিনি আশা প্রকাশ করেন, ভারতের দায়িত্বশীল মহল ভবিষ্যতে এমন বক্তব্য থেকে বিরত থাকবে এবং বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করে পারস্পরিক সম্মান বজায় রাখবে।